গণনার আর মাত্র ৭২ ঘণ্টা বাকি। তার আগেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে দীর্ঘ বৈঠক ঘিরে তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। শুক্রবার বিকেলে প্রায় আড়াই ঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠকে মুখোমুখি হন Mamata Banerjee এবং Abhishek Banerjee। ভোট-পরবর্তী এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বৈঠকের তাৎপর্য নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
দলীয় সূত্রে খবর, বিকেল ৫টা নাগাদ কালীঘাটে পৌঁছন অভিষেক। তারপরেই শুরু হয় এই ‘স্ট্র্যাটেজিক’ আলোচনা। রাজনৈতিক মহলের মতে, মূলত গণনাকেন্দ্রকে ঘিরে রণকৌশল চূড়ান্ত করতেই এই বৈঠক। বিশেষ করে স্পর্শকাতর কেন্দ্রগুলিতে নজরদারি, কাউন্টিং এজেন্টদের ভূমিকা এবং ফল ঘোষণার দিন সম্ভাব্য পরিস্থিতি—সবকিছু নিয়েই হয়েছে বিস্তারিত আলোচনা।
এই আবহে শনিবারের ভার্চুয়াল বৈঠক ঘিরেও বাড়ছে কৌতূহল। জানা গিয়েছে, রাজ্যের ২৯১টি কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেবেন Abhishek Banerjee। তবে শুধু তিনিই নন, ওই বৈঠকে হঠাৎ করেই ভার্চুয়ালি উপস্থিত হয়ে বিশেষ বার্তা দিতে পারেন Mamata Banerjee—এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না দলীয় মহল।
বিশেষ পর্যবেক্ষক নিয়োগ?
গত লোকসভা নির্বাচনের মতোই কি এবারও স্পর্শকাতর কেন্দ্রে ‘বিশেষ পর্যবেক্ষক’ নিয়োগ করবে শাসক দল? ২০২৪-এ তমলুক, আরামবাগের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিশেষ দায়িত্বে পাঠানো হয়েছিল অভিজ্ঞ নেতাদের। এবারও সেই মডেল অনুসরণ করা হতে পারে বলেই জল্পনা। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে শনিবারের বৈঠকেই এ নিয়ে স্পষ্ট নির্দেশ আসতে পারে।
অভ্যন্তরীণ রিপোর্ট বনাম এক্সিট পোল
একদিকে যেখানে একাধিক এক্সিট পোল রাজ্যে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে তৃণমূলের অন্দরে ছবিটা সম্পূর্ণ আলাদা। দলীয় অভ্যন্তরীণ বিশ্লেষণে দাবি করা হচ্ছে, আরামসে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় ফিরছে শাসক দল। ঘনিষ্ঠ মহলের মতে, ২০০-র গণ্ডি পার করাও সম্ভব। যদিও আনুষ্ঠানিকভাবে ২৩০ আসনের লক্ষ্যমাত্রা আগেই ঘোষণা করেছে দল।
সমীক্ষাকে ‘চক্রান্ত’ বলেই উড়িয়ে নেত্রী
ইতিমধ্যেই এক ভিডিও বার্তায় এক্সিট পোলকে ‘চক্রান্ত’ বলে কড়া আক্রমণ শানিয়েছেন Mamata Banerjee। অতীতেও একাধিকবার সমীক্ষাকে ভুল প্রমাণ করেছে ফলাফল—এই নজির টেনেই আত্মবিশ্বাসী তৃণমূল শিবির।
সব মিলিয়ে, গণনার আগে কালীঘাটের এই তৎপরতা স্পষ্ট বার্তা দিচ্ছে—শেষ মুহূর্ত পর্যন্ত কোনও ঝুঁকি নিতে নারাজ শাসক দল। এখন দেখার, শনিবারের বৈঠক থেকে ঠিক কী বার্তা আসে, আর শেষ হাসি কে হাসে—তার উত্তর মিলবে কয়েক ঘণ্টার মধ্যেই।







