রাজ্য

কর্নাটকে চাকা গড়াতেই মন্দিরে প্রিয়ঙ্কা !

নিজস্ব সংবাদদাতা : আজ কর্ণাটকে বিধানসভা ভোট গণনা শুরু হয়েছে । সকাল থেকে গণনা শুরু হয়েছে । আর তাতেই প্রাক নির্বাচনী সমীক্ষার সঙ্গে হিসেব মিলে যাচ্ছে । বিজেপি-কে পিছনে ফেলে কর্নাটকে এগিয়ে গিয়েছে কংগ্রেস। যে সংখ্যক আসনে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে তারা, তা-ই ম্যাজিক সংখ্যা পেরিয়ে গিয়েছে। আর তাতে যখন কর্মী-সমর্থকরা মেতে উঠেছেন, সেই সময় শিমলার মন্দিরে দেখা মিলল কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢরার। তিনি নিষ্ঠাভরে মন্দিরে পুজো দিলেন , সারলেন প্রার্থনা। আজ শনিবার সকালে থেকে কর্নাটকে যখন ভোটগণনা চলছে, সেই সময় শিমলার জাখু এলাকায় হনুমান মন্দিরে পৌঁছন প্রিয়ঙ্কা। দেশের সমৃদ্ধির জন্যই তিনি প্রার্থনা সারতে গিয়েছেন বলে জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। এ দিন প্রিয়ঙ্কা মন্দিরে নিজেহাতে আরতিও করেন । উপুড় হয়ে মন্দিরের বেদিতে ঠোকেন মাথা । খবর ছড়িয়ে পড়তে মন্দিরের বাইরে তখন লোক জমতে শুরু করেছে। হাসিমুখে তাঁদের ছবি তোলার আবদারও মেটান তিনি ।

উল্লেখ্য, কর্ণাটকে কংগ্রেস এগিয়ে ১৩০ টি আসনে, ৬৬টি আসনে এগিয়ে বিজেপি , এইচডি কুমারস্বামীর জনতা দল (সেক্যুলার) এগিয়ে রয়েছে ২২টি আসনে। এবং অন্যান্যরা এগিয়ে ৭ টি আসনে। মধ্য কর্ণাটকে এগিয়ে কংগ্রেস, বেঙ্গালুরুতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে । বেলগাম, টুমকুরেও এগিয়ে কংগ্রেস, মহীশূরে কড়া টক্কর। কর্ণাটকের উপকূল অঞ্চলে একচেটিয়া কংগ্রেসের আধিপত্য । এ বারে কর্নাটক বিধানসভা নির্বাচনে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে প্রিয়ঙ্কাকেও। যখন রাহুল গাঁধী‘ভারত জোড়ো যাত্রা’-কে কেন্দ্র করে ব্যস্ত , সেই সময় কর্নাটকে নিয়মিত আসা-যাওয়া করেছেন প্রিয়ঙ্কা। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বসে কৌশল রচনা করেছেন। নিজে পথসভা করেছেন বিভিন্ন জায়গায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.