রবিবার নিউজিল্যান্ডের পেসারদের তোপে ধূলিসাৎ হলো পাকিস্তান! মাউন্ট মঙ্গানুইয়ের সুইং সহায়ক পিচে কিউই বোলারদের আগুনঝরা বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না সফরকারীরা। মাত্র ১০৫ রানে অলআউট হয়ে ১১৫ রানের বিশাল পরাজয় বরণ করল পাকিস্তান। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে নিশ্চিত করল স্বাগতিকরা।
পাকিস্তান এর আগে সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়ালেও চতুর্থ ম্যাচে একেবারেই ছন্দহীন ছিল। নিউজিল্যান্ডের দেওয়া ২২১ রানের টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই ধসে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। জ্যাকব ডাফি শুরুতেই তিন উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন ভেঙে দেন। প্রথম পাওয়ার প্লেতেই পাকিস্তান কার্যত ম্যাচ থেকে ছিটকে যায়।
এর আগে নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসে দুর্দান্ত শুরুর ইঙ্গিত দেন টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। সেইফার্ট ২২ বলে ৪৪ রান করে বিদায় নিলেও অ্যালেন মাত্র ১৯ বলে অর্ধশতক হাঁকিয়ে পাকিস্তানকে চাপে ফেলেন। এরপর অবশ্য পাকিস্তানি বোলাররা কিছুটা নিয়ন্ত্রণ আনে, বিশেষ করে হারিস রউফের বোলিং ছিল প্রশংসনীয়। তবে শেষদিকে মাইকেল ব্রেসওয়েলের ২৬ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংসে ২০০ পার করে স্বাগতিকরা।
পাকিস্তানের ব্যাটিংয়ে একমাত্র আশার আলো দেখান আবদুল সামাদ। তার ৩০ বলে ৪৪ রানের লড়াকু ইনিংস শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। ডাফির বিধ্বংসী স্পেলে ২০ রানে ৪ উইকেট, আর জ্যাকারি ফোল্কসের ২৫ রানে ৩ উইকেট নিয়ে সিরিজ জয়ের পথ নিশ্চিত করেন কিউই পেসাররা।







