বাংলাদেশ ক্রিকেটের ওপর নেমে এসেছে এক ভয়ঙ্কর অন্ধকার সময়। ২৮ বছর পর এমন বেনজির সংকটে দেখা দিচ্ছে টাইগার শিবিরে। আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচে হেরে ২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন কার্যত সঙ্কটে ফেলেছে মেহেদি হাসান মিরাজদের দল। শনিবার দ্বিতীয় ম্যাচে মাত্র ১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও ১০৯ রানে গুটিয়ে গিয়ে ৮১ রানে হারল বাংলাদেশ। আফগান স্পিন জাদুতে ধসে পড়ল পুরো ব্যাটিং লাইনআপ—রশিদ খান একাই তুলে নিলেন ৫ উইকেট।
টি-২০ সিরিজে দাপুটে ৩-০ জয়ের পরও ওয়ানডে ফরম্যাটে এমন ভঙ্গুর ব্যাটিং মানসিকতা বিস্মিত করেছে বিশ্লেষকদের। ৫ উইকেটে ৯৯ থেকে ১০৯-এ থেমে যাওয়া ইনিংস আবারও প্রমাণ করল, দলের ধারাবাহিকতা হারিয়ে গিয়েছে। এই হারে সিরিজও হারল বাংলাদেশ, পিছিয়ে পড়ল ২-০ ব্যবধানে।
সবচেয়ে বড় ধাক্কা অবশ্য বিশ্বকাপ যোগ্যতার অঙ্কে। ২০২৭ সালের বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায়—যেখানে আয়োজক দুই দেশের পাশাপাশি আইসিসি র্যাংকিংয়ের প্রথম আট দল সরাসরি অংশ নেবে। বর্তমানে বাংলাদেশ রয়েছে দশম স্থানে, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের নিচে।
সরাসরি যোগ্যতা অর্জন করতে হলে এখন বাকি চারটি ম্যাচেই জয় প্রয়োজন, তাও অন্য দলগুলির ফলাফলের ওপর নির্ভর করবে সব। ভাগ্য সহায় না হলে ১৯৯৯ সালের পর প্রথমবার বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হতে পারে টাইগারদের। ক্রিকেটপাগল জাতির কাছে এ এক গভীর সতর্কবার্তা—ফিরে দাঁড়ানোর এখনই সময়, না হলে ইতিহাসে লেখা হবে আর এক অধ্যায়ের লজ্জা।







