সাদা বলের ক্রিকেটে ফিরেই ব্যাটে ঝড় তুললেন শ্রেয়স আয়ার। কয়েকদিন আগে ভারত ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে সরে দাঁড়ালেও, একদিনের ম্যাচে নামতেই পুরনো ছন্দে ফিরলেন তিনি। শতরান করলেন শ্রেয়স, শতরান করলেন যুবরাজ সিংহের ছাত্র প্রিয়াংশ আর্য। যুবরাজের আরও এক শিষ্য প্রভসিমরন সিংহও খেললেন দাপটের ইনিংস। ব্যাট-বলের সমানে দাপট দেখিয়ে ১৭১ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারত ‘এ’।
কানপুরের সবুজ মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে রেকর্ড গড়ল ভারত। ঝড় তুলল ওপেনিং জুটি প্রিয়াংশ-প্রভসিমরন। আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে খেলার সুবাদে তাদের বোঝাপড়া স্পষ্ট হয়ে ওঠে মাঠে। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করে ১৩৫ রানের দুর্দান্ত জুটি গড়েন তাঁরা। প্রভসিমরন ৫৬ রানে আউট হলেও প্রিয়াংশ থামেননি। ৮৩ বলে সেঞ্চুরি হাঁকান তিনি, ১১টি চার ও ৫টি ছক্কায় সাজানো তার ইনিংস স্মরণীয় হয়ে থাকবে।
তৃতীয় নম্বরে নেমে নিজের ছন্দে ফেরেন শ্রেয়স। রিয়ান পরাগের সঙ্গে ১৩২ রানের জুটি গড়ে ভারতীয় ইনিংসকে আরও শক্ত ভিত দেন। শ্রেয়স ৮৩ বলে ১১০ রানের ঝকঝকে ইনিংসে ১২টি চার ও ৪টি ছক্কা মারেন। পরাগ ৪২ বলে ৬৭ রানে থামলেও আক্রমণাত্মক মেজাজ বজায় রাখেন। পাঁচ নম্বরে নামা আয়ুষ বদোনি ২৭ বলে ৫০ রান করে ঝড় তোলেন। ফলে ভারতের প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে দু’জন শতরান ও তিনজন অর্ধশতরান করেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৪১৩ রান তুলে ফেলে ভারত ‘এ’।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ‘এ’-র শুরুটা ভালো হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ওপেনার ম্যাকেঞ্জি হার্ভে ও অধিনায়ক উইল সাদারল্যান্ড অর্ধশতরান করলেও জয় পাওয়া অধরাই থেকে যায়। ৩৩.১ ওভারে ২৪২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
ভারতের বোলারদের মধ্যেও দাপট ছিল স্পষ্ট। নিশান্ত সিন্ধু একাই নেন ৪ উইকেট। রবি বিশ্নোই ২টি, আর যুদ্ধবীর সিংহ, গুর্জপনীত সিংহ, সিমরজিৎ সিংহ ও বদোনি ১টি করে উইকেট দখল করেন।
শ্রেয়সের দুর্দান্ত ফেরা, প্রিয়াংশের ঝড়ো সেঞ্চুরি এবং দলের সম্মিলিত ব্যাটিং-বোলিং সাফল্যে ভারত ‘এ’-র এই জয় ভবিষ্যতের ইঙ্গিত, যেখানে নতুন প্রজন্ম এবং অভিজ্ঞদের মিশেল হয়ে উঠছে ভারতের শক্তি।







