পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের নিরাপত্তা ইস্যু উঠে এসেছে নতুন করে আলোচনার কেন্দ্রে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এবার Z+ ক্যাটেগরির নিরাপত্তা দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জলপাইগুড়ির নাগরাকাটা এলাকায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
৫ আগস্ট কোচবিহার সফরে শুভেন্দুর উপর হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনার পরই কেন্দ্রীয় সংস্থাগুলি তাঁর নিরাপত্তা পর্যালোচনা করে জানায়— বিরোধী দলনেতার উপর বড়সড় আক্রমণের আশঙ্কা রয়েছে। এরপরই কেন্দ্র সিদ্ধান্ত নেয়, দেশের যে কোনও প্রান্তে গেলে শুভেন্দু অধিকারী পাবেন সর্বোচ্চ স্তরের Z+ সিকিউরিটি কভার।
এই নিরাপত্তা বলয়ে থাকছে ৫৫ জন প্রশিক্ষিত NSG কম্যান্ডো, রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সদস্য, সঙ্গে থাকছে পাঁচটি বুলেটপ্রুফ গাড়ি। সাধারণত প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ দেশের শীর্ষ রাজনৈতিক নেতারাই এই স্তরের নিরাপত্তা পান। এবার সেই তালিকায় যুক্ত হলেন শুভেন্দু অধিকারী।
আগে তিনি কেবল ঝাড়খণ্ড ও মণিপুর সফরে Z+ নিরাপত্তা পেতেন। এবার থেকে তিনি যেখানেই রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন, সেখানেই থাকছে Z+ বলয়। সরকারি সূত্রে জানা গেছে, এই নিরাপত্তা ব্যবস্থার খরচ মাসে ৩৩ থেকে ৫০ লক্ষ টাকার মধ্যে, যা সম্পূর্ণ বহন করবে কেন্দ্রীয় সরকার।
২০২০ সালের ডিসেম্বরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে তিনি রাজ্যের বিরোধী দলনেতা হন। যোগদানের পর থেকেই কেন্দ্রীয় নিরাপত্তা কভার পেয়ে আসছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে নিরাপত্তা স্তরও বাড়ানো হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি নেতাদের উপর হামলার ঘটনার প্রেক্ষিতে এই পদক্ষেপ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। নিরাপত্তা ইস্যু ঘিরে ফের সরগরম হচ্ছে বঙ্গ রাজনীতি।







