খেলাধুলা

চেন্নাইয়ের দুর্গে দিল্লির হ্যাটট্রিকের চ্যালেঞ্জ, চোটের কবলে গায়কোয়াড

চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে নিজেদের ছন্দ খুঁজে পেতে হিমশিম খাচ্ছে চেন্নাই সুপার কিংস। হারের বৃত্ত থেকে বের হতে মরিয়া ধোনির দলকে এবার দিল্লির সামনে নামতে হবে এক অনিশ্চিত পরিস্থিতিতে। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াডের চোট চিন্তায় ফেলেছে দলকে, আর তারই মধ্যে দিল্লির স্পিন শক্তির সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে চেন্নাইয়ের জন্য।

আজ শনিবার, চিপকে সিএসকের বিপক্ষে মাঠে নামছে অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস। চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকের পিচ গত কয়েক মরশুম ধরেই রহস্যময় হয়ে উঠেছে। যেখানে একসময় স্পিনারদের জন্য স্বর্গরাজ্য ছিল, এখন সেখানে পেসাররাও সুবিধা পাচ্ছেন। কোচ স্টিফেন ফ্লেমিং নিজেও পিচ নিয়ে হতাশা প্রকাশ করেছেন। এমন পরিস্থিতিতে দলের সেরা ব্যাটাররা ছন্দে না থাকায় চিন্তা আরও বাড়িয়েছে চেন্নাই শিবিরে। বিশেষত রাহুল ত্রিপাঠি ও বিজয় শঙ্করের ব্যর্থতা ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

অন্যদিকে দিল্লি ক্যাপিটালস দারুণ ছন্দে রয়েছে। ফাফ ডু প্লেসি, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলরা দলে ভারসাম্য এনে দিয়েছেন। বিশেষত, কুলদীপ-অক্ষর জুটি যদি চিপকের মন্থর উইকেট কাজে লাগাতে পারে, তাহলে চেন্নাইয়ের ব্যাটারদের জন্য বড় সমস্যা তৈরি হবে। দিল্লির তরুণ ক্রিকেটার ভিপ্রজ নিগম ও অশুতোষ শর্মাও ইতিমধ্যেই ম্যাচ জেতানো পারফরম্যান্স করে দেখিয়েছেন।

এই ম্যাচে নজর থাকবে কুলদীপ ও রাচিন রবীন্দ্রের লড়াইয়ের দিকেও। দিল্লির চেন্নাই-বধের অন্যতম অস্ত্র কুলদীপ, অন্যদিকে ধোনির দলের স্পিন সামলানোর দায়িত্ব থাকছে নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্রের কাঁধে। এছাড়া দিল্লির বিপক্ষে গায়কোয়াডের চোট কতটা প্রভাব ফেলবে, সেটাও গুরুত্বপূর্ণ।

মাইকেল হাসির মতে, রাহুল ত্রিপাঠি এখনও সেরা ছন্দে পৌঁছাতে পারেননি, তবে তার ওপর দলের ভরসা রয়েছে। অন্যদিকে দিল্লি শিবিরে উচ্ছ্বাস, কুলদীপ যাদব জানিয়েছেন, দল দারুণ মেজাজে রয়েছে। সব মিলিয়ে, দিল্লি ক্যাপিটালসের সামনে হ্যাটট্রিক জয়ের হাতছানি, আর চেন্নাইয়ের জন্য এই ম্যাচ কার্যত বাঁচা-মরার লড়াই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.