রাজ্য

রাজ্যের কোনও স্কুলে বন্ধ হবে না মিড-ডে মিল, ৯৯৭ কোটি টাকা বরাদ্দের ঘোষণা শিক্ষামন্ত্রীর

রাজ্যের কোনও স্কুলেই যাতে মিড-ডে মিল পরিষেবা বন্ধ না হয়, তা নিশ্চিত করতে কড়া নির্দেশ দিলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। পাশাপাশি মিড-ডে মিল সংক্রান্ত খরচ এবং রাঁধুনিদের বকেয়া মেটাতে বিপুল অর্থ বরাদ্দ করেছে স্কুল শিক্ষা দফতর।

সম্প্রতি গড়িয়ার একটি স্কুলে অর্থের অভাবে মিড-ডে মিল বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ সামনে আসে। একই ধরনের ঘটনা ঘটে দমদমের একটি স্কুলেও। পরপর এই ঘটনায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য তৈরি হয়। এরপরই জেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট স্কুলগুলিতে ফের মিড-ডে মিল চালুর ব্যবস্থা করা হয়।

তবে শুধু এই দু’টি স্কুল নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের আরও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে মিড-ডে মিলের বরাদ্দ, রান্নার খরচ এবং রাঁধুনিদের পারিশ্রমিক সংক্রান্ত নানা সমস্যার অভিযোগ উঠছে। সেই পরিস্থিতিতে এবার বিষয়টি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন স্কুল শিক্ষামন্ত্রী।

দীপক বর্মণ জানিয়েছেন, কোনও পরিস্থিতিতেই স্কুলে মিড-ডে মিল বন্ধ রাখা যাবে না। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ স্কুলগুলিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নভেম্বর পর্যন্ত রাঁধুনিদের পারিশ্রমিক মেটানোর জন্য বরাদ্দ হয়েছে ৪২৪ কোটি টাকা। পাশাপাশি রান্নার খরচ বাবদ সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হয়েছে ৫৭৩ কোটি টাকা। সব মিলিয়ে স্কুল শিক্ষা দফতরের তরফে ৯৯৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘পিএম পোষণ’ প্রকল্পকে রাজ্য সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। তাঁর দাবি, রাঁধুনিদের প্রয়োজনীয় অর্থ নভেম্বর পর্যন্ত দেওয়ার জন্য বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি রান্নার খরচও মেটানো হয়েছে। ফলে অক্টোবর পর্যন্ত মিড-ডে মিল পরিচালনায় কোনও সমস্যা হওয়ার কথা নয়।

এছাড়াও রাঁধুনিদের যে বকেয়া রয়েছে, তা দ্রুত মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। তাঁর বক্তব্য, পুজোর আগেই বকেয়া টাকা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে রাজ্যের স্কুলগুলিতে মিড-ডে মিল পরিষেবা নিয়ে যাতে আর কোনও অনিশ্চয়তা তৈরি না হয়, সেই লক্ষ্যেই প্রশাসনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.