খেলাধুলা

গুরু গম্ভীরের ডাকে ফিরছেন আদ্রিয়ান, সৌরভ-রাইট যুগের দর্শনে ফিরছে টিম ইন্ডিয়া

ভারতীয় ক্রিকেটে যেন ফের ফিরে আসছে এক সোনালি অধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্ব ও জন রাইটের কোচিং যুগে ফিটনেস বিপ্লবের যে বীজ রোপিত হয়েছিল, তার অন্যতম কারিগর ছিলেন দক্ষিণ আফ্রিকার স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রক্স। সেই আদ্রিয়ানই আবার ফিরছেন টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে—এ বার গৌতম গম্ভীরের ডাকে।

২০০২-০৩ সালে ভারতের ফিটনেস সংস্কৃতি পাল্টে দেওয়ার অন্যতম নায়ক ছিলেন আদ্রিয়ান। তখনই অনেক ক্রিকেটারের মধ্যে ফিটনেস ও শৃঙ্খলার মানসিকতা তৈরি হয়, যা পরবর্তী সময়ে ভারতীয় দলের উন্নয়নে বড় ভূমিকা নেয়। সেই সময় গম্ভীরের দলে অভিষেক হয়েছিল। আজ সেই গম্ভীরই ভারতের কোচ, এবং তিনি নিজের বিশ্বাসী পুরনো সহযোদ্ধাকেই ফিরিয়ে আনছেন নতুন যুগে ফিটনেস বিপ্লব গড়তে।

সোহম দেসাইকে সরিয়ে বিসিসিআই আদ্রিয়ানকে দায়িত্ব দিয়েছে স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ হিসেবে। আইপিএলে পঞ্জাব কিংসের ছ’বছরের সফর শেষ করেই আদ্রিয়ান নতুন অভিযানে নামছেন। তাঁর কথায়, “পঞ্জাবে দারুণ সময় কেটেছে। এ বার নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছি।”

২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত কেকেআরের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। গম্ভীরের নেতৃত্বে সেই সময় দু’বার আইপিএল জেতে কেকেআর। এবার জাতীয় দলের মঞ্চে পুরনো জুটি ফের একসঙ্গে। ভারতের ফিটনেস সংস্কৃতিতে নতুন ছাপ রাখাই তাদের লক্ষ্য। ২২ বছর আগের সূত্রেই শুরু হতে চলেছে এক নতুন পথচলা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.