বুধবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে সংখ্যালঘু বৈঠক নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, “মমতা ব্যানার্জি হিন্দুদের ভয় দেখিয়ে এলাকা খালি করতে চান, যাতে তারা ভোট দিতে না পারে।” মালদহের পল্লালপুরে ঘরছাড়াদের কথা কেউ শুনতে যায়নি বলে অভিযোগ করেন তিনি।
দিলীপ ঘোষ বলেন, “রাজ্যে বাংলাদেশের ট্রেলার চলছে। মমতা ব্যানার্জির পুলিশ চুপচাপ দেখছে বা পালিয়ে যাচ্ছে। হিন্দুদের ফোন আসছে, বিএসএফ পাঠানোর অনুরোধ আসছে। উনি চোখ দেখে মাওবাদী চিনতে পারেন, পার্টির মধ্যে কে খাচ্ছে ঘুমাচ্ছে জানতে পারেন। আর রাজ্যে এত বড় ঘটনার খবর নেই? সব খবর আছে। সব জেনে উনি করাচ্ছেন।”
দিলীপ ঘোষ আরও বলেন, “মানুষ নিরুপায় হয়ে এরকম অনেক কিছু বলে। পশ্চিমবঙ্গের মানুষকে ঠিক করতে হবে, এটা বাংলাদেশের মতো হবে নাকি ভারতের সংবিধান অনুযায়ী চলবে।” মালদহের স্কুলে মিডিয়া ঢুকতে বাধা নিয়েও সরব হন তিনি।







