বর্ষাকালে অতিরিক্ত আর্দ্রতার কারণে শুধু খাবারই নয়, ক্ষতিগ্রস্ত হতে পারে বাড়িতে রাখা ওষুধও। বিশেষজ্ঞদের মতে, এই সময় ওষুধ সংরক্ষণে সামান্য অসাবধানতাও ওষুধের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। অনেকেই ভুল করে সব ধরনের ওষুধ ফ্রিজে রাখেন। অথচ শুধুমাত্র যেসব ওষুধের গায়ে “Refrigerate” বা ২°–৮° সেলসিয়াসে সংরক্ষণ করার নির্দেশ থাকে, সেগুলিই ফ্রিজে রাখা উচিত। সাধারণ ট্যাবলেট, ক্যাপসুল, প্যারাসিটামল বা ভিটামিন ফ্রিজে রাখলে আর্দ্রতার কারণে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
আরও একটি বড় ভুল হল ব্লিস্টার প্যাকেট থেকে ট্যাবলেট বের করে আলাদা কৌটায় রাখা। এতে ওষুধ সরাসরি বাতাস ও আর্দ্রতার সংস্পর্শে এসে দ্রুত গুণগত মান হারাতে পারে।
বর্ষায় ওষুধ সংরক্ষণের জন্য ঠান্ডা, শুকনো ও অন্ধকার জায়গা বেছে নিন। বাথরুম বা রান্নাঘরে ওষুধ রাখবেন না। সিরাপ বা আই ড্রপ ব্যবহারের পর বোতলের মুখ পরিষ্কার করে শক্ত করে বন্ধ করুন। পাশাপাশি ওষুধের বাক্স ও নির্দেশিকা ফেলে না দিয়ে সংরক্ষণ করুন, কারণ সেখানে সংরক্ষণের নিয়ম ও মেয়াদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য থাকে।
ট্যাবলেট নরম হয়ে যাওয়া, রং পরিবর্তন, গুঁড়ো হয়ে যাওয়া বা অস্বাভাবিক গন্ধ বের হলে সেই ওষুধ ব্যবহার করবেন না। একইভাবে সিরাপে ঘোলাভাব বা ফাঙ্গাস দেখা গেলে তা ফেলে দেওয়াই নিরাপদ। সন্দেহ হলে চিকিৎসক বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।







