পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালুর এক মাসের মধ্যেই মিলল উল্লেখযোগ্য সাড়া। ১৬ অগস্ট রাজ্যে প্রকল্পটি চালু হওয়ার পর প্রথম এক মাসে ৫০ হাজারেরও বেশি রোগী এই প্রকল্পের আওতায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা পেয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এই সময়ে উপভোক্তাদের দেওয়া হয়েছে ২৮ কোটি টাকারও বেশি মূল্যের চিকিৎসা পরিষেবা।
শুধু রাজ্যের হাসপাতালেই নয়, প্রকল্পের পোর্টেবিলিটি সুবিধা কাজে লাগিয়ে বাংলার বহু মানুষ ভিনরাজ্যেও চিকিৎসা করিয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গের ১,১০২ জন রোগী রাজ্যের বাইরে আয়ুষ্মান ভারতের সুবিধা নিয়েছেন। এর মধ্যে ৭১৬টি ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার সুবিধা নেওয়া হয়েছে। একই সময়ে অন্য রাজ্যের ১,৮৪৯ জন রোগী পশ্চিমবঙ্গের হাসপাতালগুলিতে এই প্রকল্পের মাধ্যমে চিকিৎসা পেয়েছেন।
সরকারের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের কাছে সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই প্রকল্পের অন্যতম লক্ষ্য। পাশাপাশি সরকারি স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী করার এবং সাধারণ পরিবারের চিকিৎসার খরচ কমানোর উপরেও জোর দেওয়া হচ্ছে।
রাজ্যে প্রকল্পটি চালুর সময় সরকারি ও বেসরকারি মিলিয়ে ১,৯৩০টি হাসপাতালকে আয়ুষ্মান ভারতের আওতায় আনার কথা জানানো হয়েছিল। প্রথম মাসের পরিসংখ্যানে প্রকল্পের পরিষেবা ব্যবহারের একটি প্রাথমিক চিত্রও সামনে এল।
পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালুর পর প্রথম সুবিধাপ্রাপক হিসেবে বাঁকুড়ার কোতুলপুরের শুভদীপ হালদারের নামও উঠে এসেছে। কোতুলপুরের মেডিকেয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন তাঁর চিকিৎসায় প্রথমবার এই প্রকল্পের সুবিধা ব্যবহার করা হয়। সেই ঘটনাকেও রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য সূচনা হিসেবে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী।
চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং প্রশাসনের কর্মীদের ভূমিকার প্রশংসা করে তাঁদের ধন্যবাদও জানিয়েছেন তিনি। এক মাসের পরিসংখ্যান সামনে আসায় আগামী দিনে প্রকল্পের পরিষেবা আরও কতটা বিস্তৃত হয়, এখন সেদিকেই নজর।







