রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। আসন্ন দুর্গাপুজোর আগেই রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে মোট ২০ হাজার কর্মী নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় পুলিশ বাজেটের জবাবি ভাষণে তিনি জানান, এর মধ্যে প্রায় ১৬ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক মহিলা পুলিশও নিয়োগ করা হবে।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আইনশৃঙ্খলা আরও শক্তিশালী ও আধুনিক করতে পুলিশ বাহিনীকে সম্প্রসারণ করা জরুরি। তাঁর দাবি, পূর্ববর্তী সরকারের আমলে পুলিশ ব্যবস্থায় বহু শূন্যপদ, পরিকাঠামোগত সমস্যা এবং প্রশাসনিক ঘাটতি তৈরি হয়েছে। সেই কারণেই দ্রুত শূন্যপদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, রাজ্য পুলিশের মোট অনুমোদিত পদের সংখ্যা ১ লক্ষ ২১ হাজার ৩৪৪। বর্তমানে ৪৩ হাজারেরও বেশি পদ খালি রয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সেই শূন্যপদের বড় অংশ পূরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এর পাশাপাশি নারী নিরাপত্তা নিয়েও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কোনও মহিলা বা কন্যার উপর অপরাধ ঘটলে পুলিশকে কারও নির্দেশের অপেক্ষা না করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ঘুষ সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য একটি বিশেষ কন্ট্রোল রুমও চালু করার ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সরকার বিভিন্ন দফতরে ধারাবাহিক নিয়োগের ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় এবার পুলিশে এই বৃহৎ নিয়োগের ঘোষণা চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।







