রাজনীতিরাজ্য

‘পার্টির তরফে শুভেচ্ছা গেছে’, সতীর্থের বিয়ে নিয়ে শুভেন্দুর নিঃশব্দ বার্তা

বয়স ষাট পেরিয়ে জীবনের নতুন ইনিংস শুরু করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নবদম্পতির চার হাত এক হতেই রাজনীতির অন্দরমহলে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রাজনীতির ‘দাবাং’ দিলীপকে ঘিরে যখন দলজুড়ে চলছে শুভেচ্ছার ঢল, তখন এক বড় অনুপস্থিতি চোখে পড়েছে সকলের—বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

বিয়ের আসরে হাজির ছিলেন সুকান্ত মজুমদার, লকেট চ্যাটার্জি, শমীক ভট্টাচার্যর মতো শীর্ষ নেতারা। ধুতি-উপহার নিয়ে তাঁরা গিয়ে পৌঁছন দিলীপের বাড়িতে। অথচ, শুভেন্দুর দেখা মিলল না। আর এই না-থাকা থেকেই শুরু হয় জল্পনা। সংবাদমাধ্যমের প্রশ্নে শুভেন্দুর প্রতিক্রিয়া আরও বাড়ায় সেই রহস্য—”এটা ওঁর ব্যক্তিগত ব্যাপার, কিছু বলতে চাই না। পার্টির তরফে তো শুভেচ্ছা গেছে, আমিও তো পার্টির একজন।”

একসময় দিলীপ ঘোষ ছিলেন রাজ্য বিজেপির অগ্রণী সেনাপতি। তাঁর হাত ধরেই বঙ্গ রাজনীতিতে বিজেপির বিস্তার। শুভেন্দু অধিকারীর যোগদানের পরেই সেই প্রভাব কমতে শুরু করে। রাজনৈতিক মহলে তাঁদের সম্পর্ক ঘিরে নানা রকম কানাঘুষো থাকলেও, প্রকাশ্যে তাঁরা কখনও কিছু বলেননি। তবে দিলীপের ‘বিগ ডে’-তে শুভেন্দুর অনুপস্থিতি অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে।

অন্যদিকে দলের বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার স্পষ্ট বার্তা দিয়েছেন—“দিলীপদা এবং তাঁর নববধূর জন্য রইল শুভেচ্ছা। নতুন জীবন আনন্দে কাটুক।” ব্যক্তিগত স্তরের আন্তরিকতা যেন অনেকটাই পরিষ্কার তাঁর কথায়।

বলে রাখা ভালো, রাজনীতির বাইরেও এমন মুহূর্তগুলো অনেক সময় রাজনৈতিক সমীকরণের প্রভাব স্পষ্ট করে দেয়। শুভেন্দুর এই সংক্ষিপ্ত বার্তা তাই অনেক বেশি অর্থবহ হয়ে উঠছে রাজনৈতিক পর্যবেক্ষকদের চোখে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.