আজ সকাল থেকে ফের অ্যাকশনে কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, বালিগঞ্জ সার্কুলার রোডের একজন ব্যবসায়ীর বাড়িতে এদিন সাতসকালে হানা দিয়েছেন ইডির অফিসাররা।সাড়ে ৬টা নাগাদ ওই টিম পৌঁছে যায় বালিগঞ্জ সার্কুলার রোডের ওই ব্যবসায়ীর বাড়িতে। জানা গেছে, ওই ব্যবসায়ীর নাম মহেশ কেজরিওয়াল। তাঁর বাড়িতেই চলছে তল্লাশি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ব্যবসায়ীকে।
গতকাল মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে আচমকাই হানা দিয়েছিলেন ইডির অফিসাররা। স্বরূপ এলাকার দাপুটে তৃণমূল নেতা। তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকেই গোটা এলাকা ঘিরে রেখেছিল কেন্দ্রীয় বাহিনী।
জানা যায়, ১২ ঘণ্টা কেটে যাওয়ার পরেও বাড়ি থেকে বের হননি ইডির অফিসাররা। রাতে ইডির একটি টিমকে কিছু নথিপত্র নিয়ে বাড়ি থেকে বের হতে দেখা যায়। স্বরূপ বিশ্বাসের বাড়ি ছাড়াও গতকাল তল্লাশি চলে বেহালার পর্ণশ্রী এলাকার কয়েকটি ঠিকানায়।







