খেলাধুলা

প্রাক্তন দলের বিপক্ষে মাঠে নামছেন রাহুল, পন্থের ফর্মে চিন্তায় লখনউ শিবির

আজ মঙ্গলবার আইপিএলে চলতি মরশুমে এক উত্তেজনাপূর্ণ অধ্যায়ের সাক্ষী হতে চলেছে লখনউ একানা স্টেডিয়াম। কারণ, এখানেই প্রথমবার মুখোমুখি হচ্ছেন কেএল রাহুল ও তাঁর প্রাক্তন দল লখনউ সুপারজায়ান্টস। মাঠের লড়াইয়ের বাইরেও আবেগ, দ্বন্দ্ব, এবং জবাবদিহির এক রুদ্ধশ্বাস প্রেক্ষাপট তৈরি হয়েছে। একসময় যাঁকে দলের অধিনায়ক করে আস্থার সিলমোহর দিয়েছিল এলএসজি, সেই রাহুলই এবার তার নতুন দল দিল্লি ক্যাপিটালসের জার্সিতে এলএসজিকে চাপে ফেলতে প্রস্তুত।

গতবার হায়দরাবাদের বিরুদ্ধে লখনউয়ের সেই ৯.৪ ওভারের দুঃস্বপ্নের রাত যেন এক টার্নিং পয়েন্ট হয়ে উঠেছিল রাহুলের কেরিয়ারে। দল মালিকের কড়া প্রতিক্রিয়ার মাঝে ফাটল ধরে সম্পর্কেও। এবার ফেরার মঞ্চে রাহুলের চোখে নিশ্চয়ই প্রতিশোধের আগুন, যেমনটা তিনি আরসিবির বিরুদ্ধে ৯৩ রানের ইনিংসে দেখিয়েছিলেন।

অন্যদিকে, নতুন অধিনায়ক ঋষভ পন্থ এখনও নিজেকে খুঁজে ফিরছেন। সাত ইনিংসে মাত্র ১০৬ রান করে তিনি এখনো বিতর্কের কেন্দ্রে। যদিও এলএসজি তাদের শেষ সাত ম্যাচের পাঁচটিতে জিতে টেবিলের উপরের দিকেই রয়েছে। ব্যাট হাতে বরং দারুণ আলো ছড়াচ্ছেন নিকোলাস পুরান (স্ট্রাইক রেট ২০৫.৫৮) ও ফিনিশার আবদুল সামাদ (স্ট্রাইক রেট ২২২)। তবে পুরানের বিরুদ্ধে কুলদীপ যাদবের সাফল্যের রেকর্ড তাদের জন্য অশনি সংকেত হতে পারে।

পিচ রেড সয়েল হওয়ায় স্পিনাররা ম্যাচে বড় ফ্যাক্টর হতে পারেন। কুলদীপের বিপক্ষে পুরানের দুর্বলতা, আবার সামাদের শেষ ওভারের বিস্ফোরক ব্যাটিং—সব মিলিয়ে ম্যাচের রাশ থাকবে মাঝের ওভার আর ডেথ-ওভারে। রাহুল বনাম পন্থ—এই দ্বৈরথেই লুকিয়ে রয়েছে মঙ্গলবারের রাতের মূল নাটক!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.