ফের দীর্ঘক্ষণ বন্ধ থাকতে চলেছে হাওড়ার পানীয় জল পরিসেবা। সূত্রের খবর, শনিবার সন্ধ্যা থেকে রবিবার পর্যন্ত শহরের বিস্তৃর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে। হাওড়া পুরসভার দেওয়া বিজ্ঞপ্তি অনুসারে প্রায় ১১ ঘণ্টা জল সরবরাহ বন্ধ থাকবে।
এর আগেও বেশ কয়েকবার শহরের বিভিন্ন এলাকায় জল সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। তবে এবার জরুরি ভিত্তিতে পাইপলাইনের কিছু সমস্যা দেখা দেওয়ায় ফের সরবরাহ বন্ধ করা হচ্ছে। পুরসভার তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাওড়ার ২২ নম্বর ওয়ার্ডের নটবর পাল রোড ও ইস্ট ওয়েস্ট রোডের সংযোগস্থলে জলের পাইপলাইন এবং ড্রেনেজ ক্যানেল রোড এবং কামারডাঙা রোডের সংযোগস্থলে পাইপ লাইনে আন্তংসংযোগের কাজের জন্য আগামী শনিবার ২৬ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে পরের দিন রবিবার ২৭ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত পুরো হাওড়া পুরসভার ১ থেকে ৫০ ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ থাকবে।
পুরসভার আধিকারিকদের দাবি, এই সাময়িক জল বন্ধ রাখায় বাসিন্দারা অসুবিধা ভোগ করলেও পাইপলাইনের কাজ সম্পূর্ণ হলে জলের সমস্যা অনেকটাই কমে যাবে ওই এলাকায়।







