পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পাল্টা জবাবে তৎপর হয়েছে নিরাপত্তা বাহিনী এরই মাঝে। মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম অঞ্চলে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে চলে গুলির লড়াই শুরু হয়েছে।
নিরাপত্তা বাহিনী গোটা অঞ্চল ঘিরে রেখেছে এবং অনবরত তল্লাশি অভিযান চালাচ্ছে। এই অভিযান চলাকালীনই পহেলগাঁওয়ে হামলার ঘটনায় জড়িত এক টিআরএফ গোষ্ঠীর কমান্ডারকে গ্রেপ্তার করা হয়। ধৃত কমান্ডার পহেলগাঁও হামলার গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে বলে অনুমান।
উল্লেখ্য, এই জঙ্গি হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফোর্স’ (TRF)। সূত্রের খবর, হামলার সময় জঙ্গিরা ভারতীয় সেনা বা পুলিশের পোশাক পরে গিয়েছিল।
পহেলগাঁওয়ের এই ভয়াবহ হামলার ঘটনায় ঘোর চিন্তায় কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে মঙ্গলবার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরে যান। বুধবার তিনি পহেলগাঁওয়ে নিহতদের পরিজনদের সাথে দেখা করে তাঁদের সমবেদনা জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে জানান যে, সন্ত্রাসবাদের কাছে ভারত কোনওভাবেই মাথা ঝোকাবে না। এই হামলার কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর পূর্বনির্ধারিত সৌদি আরব সফর ছেড়ে দেশে ফিরেছেন।







