২৮ থেকে ৩০ সেপ্টেম্বর প্রস্তাবিত ব্যাঙ্ক ধর্মঘট আপাতত হচ্ছে না। রবিবার রাতে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের যৌথ মঞ্চ ‘ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস’ (ইউএফবিইউ)।
রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ) এবং ইউএফবিইউ-এর শীর্ষ প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। প্রস্তাবিত ধর্মঘটের নোটিস এবং ব্যাঙ্ক কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন দু’পক্ষের প্রতিনিধিরা।
বৈঠকের পর একাধিক বিষয়ে সমঝোতায় পৌঁছয় উভয় পক্ষ। সেই কারণেই পূর্বঘোষিত আন্দোলন ও ধর্মঘটের কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইউএফবিইউ। এআইবিইএ, আইবক, এনসিবিই, বেফি-সহ যৌথ মঞ্চের অন্তর্ভুক্ত সংগঠনগুলির তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিষয়ে বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ‘ফাইভ ডেজ ওয়ার্কিং’-সহ একাধিক দাবিতে সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাঙ্ক কর্মী-অফিসারদের সাতটি সংগঠনের যৌথ মঞ্চ ইউএফবিইউ। ধর্মঘটের আওতায় দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক বন্ধ থাকার কথা ছিল। কয়েকটি বেসরকারি ব্যাঙ্কও এই কর্মসূচিতে সামিল হওয়ার কথা ছিল।
টানা তিন দিন ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকলে গ্রাহক ও ব্যবসায়ীদের সমস্যায় পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে রবিবার রাতের সিদ্ধান্তে আপাতত সেই আশঙ্কা দূর হল।







