আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার রাত থেকেই ঝড়-বৃষ্টির আনাগোনা শুরু হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্যে জানা গিয়েছে, আজ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার প্রকোপ আরও বাড়বে।
কলকাতাতেও আজ বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। বিশেষ করে পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায় শিলাবৃষ্টির আশঙ্কাও করা হচ্ছে।
আগামীকাল, অর্থাৎ সোমবারও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ২৮ ও ২৯ এপ্রিল পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও সক্রিয় রয়েছে মৌসুমি অস্থিরতা। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় ৫০-৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে।
সাধারণ মানুষকে সাবধান থাকতে এবং অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বেরোতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।







