শীতের আমেজ ধীরে ধীরে ঢুকতে শুরু করেছে রাজ্যে। পারদের পতন এখন স্পষ্ট — বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামের মতো পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে সকাল ও রাতের দিকে ঠান্ডার ছোঁয়া মিলছে। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এখনও ‘পুরোদমে’ শীত নামেনি।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে সপ্তাহান্তে শীতের অনুভূতি আরও খানিকটা বাড়তে পারে।
কলকাতায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রির আশেপাশে।
এদিকে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এখন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ধীরে ধীরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন উপকূলে পৌঁছবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে।
ফলে বঙ্গোপসাগর উত্তাল থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তবে সামগ্রিকভাবে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে শুষ্ক। বাতাসে আর্দ্রতার পরিমাণ কিছুটা কমবে, ফলে সকালের দিকে হালকা ঠান্ডা আরও স্পষ্ট হতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমবে। ফলে রাত ও ভোরে শীতের আমেজ আরও বাড়বে। বিশেষত দার্জিলিংয়ের মতো পাহাড়ি এলাকায় শুক্রবার ও শনিবারের মধ্যে রাতের পারদ নেমে যেতে পারে ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে।







