জনপ্রিয় কমেডিয়ান অভিশেষ উপমন্যু সম্প্রতি এক বিতর্কিত মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েছেন। ঘটনাটি শুরু হয় যখন অভিশেষ এক পাকিস্তানি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর উত্তরে সম্মতি জানান, যেখানে ওই ব্যবহারকারী লেখেন যে ভারতীয়রা পশ্চিমে যে বর্ণবাদের শিকার হন, তা তাদের প্রাপ্য।
এই মন্তব্যটি আসে যখন ইন্টারনেট ব্যক্তিত্ব অভিজিৎ আইয়ার মিত্র X-এ প্রতিবেশী দেশের মহিলাদের উদ্দেশ্যে একটি কুরুচিপূর্ণ পোস্ট শেয়ার করেন। এর উত্তরে @lilmisskhawaja নামক এক পাকিস্তানি ব্যবহারকারী লেখেন, “একেবারেই নিম্নরুচির পরিচয়। গালিগালাজ কখনও ব্যাঙ্গাত্মক হতে পারে না। গোটা বিশ্ব তোমাদের দেশকে ধর্ষকদের আখড়া হিসেবে দেখে এবং সেটাই স্বাভাবিক। গড়পড়তা ভারতীয়দের কাছে এটাই ‘ফানি’। পশ্চিমে তোমরা যে বর্ণবাদ সহ্য করছো, তা তোমাদের প্রাপ্য।”
অভিযোগ, এই মন্তব্যের প্রেক্ষিতে অভিশেষ ইতিবাচক প্রতিক্রিয়া দেখান। যদিও ঠিক কী মন্তব্য তিনি করেছিলেন, তা স্পষ্ট নয়। তবে তাঁর এই কথিত প্রতিক্রিয়া দ্রুত ভাইরাল হয় এবং তীব্র সমালোচনার ঝড় ওঠে। বহু মানুষ তাঁর মন্তব্যের নিন্দা করেন এবং এটিকে ‘দেশবিরোধী’ বলেও আখ্যা দেন।
এই বিতর্কের মধ্যেই অভিশেষ উপমন্যু তাঁর X অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দিয়েছেন। এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন কাশ্মীর উপত্যকার পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুতে গোটা দেশ শোকস্তব্ধ। এই পরিস্থিতিতে অভিশেষের মন্তব্য আরও বেশি সংবেদনশীলতার অভাব দেখিয়েছে বলে মনে করছেন অনেকে।







