রাজ্যের ক্রীড়াক্ষেত্রকে আরও শক্তিশালী করা এবং ক্রীড়াবিদদের উৎসাহ দিতে বড় পদক্ষেপের ঘোষণা করল রাজ্য সরকার। চালু হতে চলেছে ‘শ্যামা প্রসাদ মুখার্জী ক্রীড়া সহায়তা প্রকল্প’। এই প্রকল্পের মাধ্যমে জাতীয় ও রাজ্যস্তরের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং আয়োজনের জন্য সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে। পাশাপাশি ক্রীড়াবিদদের পুরস্কার ও সরকারি সহায়তার পরিমাণ বৃদ্ধির প্রস্তাবও রাখা হয়েছে।
জাতীয় গেমস বা অন্য কোনও জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে গেলে সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা মিলবে। একই পরিমাণ অর্থ দেওয়া হবে জাতীয় প্রতিযোগিতার আয়োজক সংস্থাকেও। অন্যদিকে, রাজ্য গেমস আয়োজনের ক্ষেত্রে ৫০ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য করবে সরকার।
ক্রীড়াবিদদের সাফল্যকে সম্মান জানাতে ‘অটল খেল সম্মান’-এর আওতায় পুরস্কারের পরিমাণও নির্ধারণ করা হয়েছে। অলিম্পিকে সোনা জয়ী ক্রীড়াবিদকে ১ কোটি টাকা, রুপোজয়ীকে ৭৫ লক্ষ এবং ব্রোঞ্জজয়ীকে ৫০ লক্ষ টাকা দেওয়া হবে। কমনওয়েলথ ও এশিয়ান গেমসে সোনা জিতলে ৫০ লক্ষ, রুপো জিতলে ৩০ লক্ষ এবং ব্রোঞ্জ জিতলে ২০ লক্ষ টাকা পুরস্কার মিলবে। এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদকজয়ীদের জন্য যথাক্রমে ২৫ লক্ষ, ১৫ লক্ষ ও ১০ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ অথবা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করছে রাজ্য। ‘মুখ্যমন্ত্রী কৃতি ক্রীড়াবিদ সম্মান যোজনা’-র মাধ্যমে তাঁদের প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
রাজ্যের ক্রীড়া পরিকাঠামোকে আরও উন্নত করা এবং প্রতিভাবান খেলোয়াড়দের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। সরকারের আশা, আর্থিক সহায়তা ও পুরস্কারের পরিমাণ বাড়লে ক্রীড়াবিদরা আরও বেশি উৎসাহিত হবেন। একইসঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে রাজ্য তথা দেশের হয়ে আরও সাফল্য এনে দিতে তাঁরা অনুপ্রাণিত হবেন। সব মিলিয়ে, ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নিতে শুভেন্দু অধিকারী সরকারের তরফে এটি বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।







