কেন্দ্র

সুপ্রিম কোর্টের সরকারি ভাষা হিন্দি করার আর্জি, শুনানির আগেই খারিজ জনস্বার্থ মামলা

সুপ্রিম কোর্টের সরকারি ভাষা হিসেবে হিন্দিকে স্বীকৃতি দেওয়ার দাবিতে কেন্দ্রকে একটি কমিশন গঠনের নির্দেশ দেওয়ার আবেদন জানিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলাটি শুনানির পর্যায়েই পৌঁছল না। তার আগেই আবেদনটি খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানায়, আদালতের ভাষা সংক্রান্ত সংস্কারের বিষয়টি ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে বিবেচনাধীন। ফলে এই বিষয়ে নতুন করে বিচারবিভাগীয় নির্দেশ জারি করে সংস্কার কার্যকর করার প্রয়োজন নেই।

ব্রহ্মেশ্বর নাথ মিশ্র নামে এক ব্যক্তি এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছিলেন। তাঁর আবেদন ছিল, সুপ্রিম কোর্টে সরকারি ভাষা হিসেবে হিন্দির ব্যবহার নিয়ে সুপারিশ করার জন্য কেন্দ্রীয় সরকারকে একটি কমিশন গঠনের নির্দেশ দেওয়া হোক। তাঁর হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী। তিনি জানান, হিন্দিকে শীর্ষ আদালতের সরকারি ভাষা করার বিষয়ে কেন্দ্রকে কমিশন গঠনের নির্দেশ দেওয়া যেতে পারে। আবেদনের সমর্থনে একাধিক সাংবিধানিক বিধানের কথাও তুলে ধরা হয়।

এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জানান, সুপ্রিম কোর্ট নিজস্ব উদ্যোগেই ধাপে ধাপে ভাষা সংক্রান্ত সংস্কারের পথে এগোচ্ছে। তাঁর বক্তব্য, বর্তমানে আদালতের রায় ও আদেশের সংক্ষিপ্তসার হিন্দিতেও দেওয়া হচ্ছে। ভবিষ্যতে অন্যান্য আঞ্চলিক ভাষার ব্যবহারও শুরু করা হবে।

প্রধান বিচারপতি আরও বলেন, দেশের ভাষাগত বৈচিত্র্য ও সংস্কৃতিকে আদালত গুরুত্ব দেয় এবং আঞ্চলিক ভাষাগুলির প্রতিও যথাযথ সম্মান বজায় রাখা হবে। তাঁর কথায়, এই ধরনের পরিবর্তন আদালতের নির্দেশের মাধ্যমে একবারে কার্যকর করা সম্ভব নয়। বরং সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে ধীরে ধীরে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হয়। সুপ্রিম কোর্টও সেই পথেই এগোচ্ছে।

শেষ পর্যন্ত ব্রহ্মেশ্বর নাথ মিশ্রের দায়ের করা জনস্বার্থ মামলাটি খারিজ করে দেয় শীর্ষ আদালত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.