বিদেশ

সিন্ধু জলচুক্তি ইস্যুতে ফের যুদ্ধের হুমকি পাকিস্তানের, কড়া বার্তা পাক প্রতিরক্ষা মন্ত্রীর

সিন্ধু জলচুক্তি ঘিরে ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা ফের নতুন মাত্রা পেল। ভারতের তরফে সিন্ধু নদের জলপ্রবাহ নিয়ে আরও কোনও কঠোর পদক্ষেপ করা হলে পাকিস্তান সামরিক জবাব দিতে পিছপা হবে না বলে হুঁশিয়ারি দিলেন সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ।

রবিবার পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খোয়াজা আসিফ বলেন, “জল আমাদের জাতীয় নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। যদি সিন্ধু নদ নিয়ে ভারতের কোনও পদক্ষেপ পাকিস্তানের জল নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করে, তাহলে ইসলামাবাদ চুপ করে বসে থাকবে না। প্রয়োজন হলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতেও প্রস্তুত পাকিস্তান।”

পাক প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, সিন্ধু জলবণ্টন চুক্তি কার্যত স্থগিত হয়ে যাওয়ার পর থেকেই পাকিস্তান জলসংকটের মুখে পড়েছে। তাঁর অভিযোগ, ভারত যদি ভবিষ্যতে আরও কড়া ব্যবস্থা গ্রহণ করে, তাহলে তার পরিণতি সুদূরপ্রসারী হতে পারে।

সম্প্রতি ভারতের জলশক্তি মন্ত্রী সি আর পাটিলের একটি ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে তিনি দাবি করেন যে ২০২৮ সালের জুন মাসের মধ্যে পাকিস্তানের দিকে সিন্ধু নদের জলপ্রবাহ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে ভারত। সেই মন্তব্য ঘিরেই নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে।

উল্লেখ্য, গত বছর জম্মু ও কাশ্মীরের বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলার পর নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছিল, “রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না।” এরপরই ১৯৬০ সালের সিন্ধু জলবণ্টন চুক্তি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানায় ভারত। সেই সিদ্ধান্তের পর থেকেই আন্তর্জাতিক মহলে বিষয়টি তুলে ধরে পাকিস্তান ভারতের বিরুদ্ধে কূটনৈতিক চাপ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে ভারত বারবার দাবি করেছে, সীমান্তপারের সন্ত্রাসবাদ বন্ধ না হলে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়। ফলে সিন্ধু জলচুক্তি ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.