বলিউডে তারকাদের গ্ল্যামার, শুটিং আর ব্যস্ততার আড়ালে রয়েছে এক অন্য জগত—পোষ্যপ্রেম। আর সেই তালিকায় কুকুরের পাশাপাশি জায়গা করে নিয়েছে আদুরে বিড়ালও। আন্তর্জাতিক বিড়াল দিবস ঘিরে ফের সামনে এসেছে বলিপাড়ার তারকাদের ‘ক্যাট লাভ’। সোশ্যাল মিডিয়ায় পোষ্যদের সঙ্গে কাটানো মুহূর্ত ভাগ করে নেন বহু অভিনেতা-অভিনেত্রী। তাঁদের মধ্যে কয়েকজন তো রীতিমতো ‘ক্যাট মম’ হিসেবেই পরিচিত।
এই তালিকায় প্রথমেই আসেন আলিয়া ভাট। তাঁর পোষ্য বিড়াল এডওয়ার্ডকে নিয়ে অভিনেত্রীর ভালোবাসা বহুবার ধরা পড়েছে ক্যামেরায়। কাজের ব্যস্ততার মাঝেও এডওয়ার্ডের সঙ্গে আলিয়ার আদুরে মুহূর্ত ভক্তদের নজর কেড়েছে।
বিড়ালপ্রেমী তারকাদের তালিকায় রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজও। তাঁর পোষ্য মিউ মিউ-এর সঙ্গে অভিনেত্রীর সম্পর্কও বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় মিউ মিউকে নিয়ে নানা মুহূর্ত ভাগ করে নিতে দেখা যায় তাঁকে।
অভিনেত্রী রিচা চাড্ডার বাড়িতেও রয়েছে দুই আদরের মার্জার—কামলি ও জুগনি। অন্যদিকে ম্রুণাল ঠাকুরের পোষ্য বিল্লো-ও পেয়েছে তারকা-ভক্তদের ভালোবাসা।
তবে বিড়ালপ্রেমে বেশ কয়েক ধাপ এগিয়ে রয়েছেন রাশা থাদানি। রবিনা ট্যান্ডনের মেয়ে রাশার পোষ্য বিড়াল শের, বাঘিরা ও পুমা—তিনজনকেই নিয়ে তাঁর আলাদা ভালোবাসা রয়েছে। তাদের সঙ্গে কাটানো নানা মুহূর্তও অনুরাগীদের নজর কেড়েছে।
অর্থাৎ, বলিউডের তারকাদের জীবন যে শুধু ক্যামেরা আর রেড কার্পেটের মধ্যে সীমাবদ্ধ নয়, এই ‘ক্যাট মম’দের গল্প তারই প্রমাণ। চারপেয়ে এই সঙ্গীরাই তাঁদের ব্যস্ত জীবনে এনে দেয় একরাশ আদর, আনন্দ আর নিঃশর্ত ভালোবাসা।







