ওষুধ সরবরাহের নামে ১৬ কোটি টাকার প্রতারণার অভিযোগে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। প্রতারণার মূল অভিযুক্ত তারকনাথ ভট্টাচার্যকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। জানা গেছে, গত ৬ মার্চ নাগেরবাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তারকনাথের কাছ থেকে উদ্ধার হয়েছে ১১ লক্ষ টাকার সোনার গয়না এবং একটি বিলাসবহুল গাড়ি। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ প্রায় এক কোটি টাকার ওষুধের হদিশ পায়। মধ্যমগ্রামের একটি ভাড়া নেওয়া ঘর থেকে উদ্ধার হয় প্রায় ৩৫ লক্ষ টাকার ওষুধ। পাশাপাশি, তারকনাথের একাধিক জমির হদিশও পেয়েছে পুলিশ।
অভিযোগ, গত তিন বছর ধরে বারুইপুরের ‘সস্তা সুন্দর’ নামে একটি ওষুধ কোম্পানিতে সরবরাহের নাম করে প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন তিনি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে তার বান্ধবী শতরূপা সর্দারের নাম। সোমবার রাতে গল্ফগ্রিন এলাকার তাঁর বাড়ি থেকে শতরূপাকে গ্রেফতার করে পুলিশ। শতরূপার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১৬.৫ লক্ষ টাকা নগদ, ৪০ লক্ষ টাকার গয়না এবং একটি চার চাকার গাড়ি। পুলিশ সূত্রে খবর, তিনি পেশায় একজন বার সিঙ্গার এবং নাগেরবাজার এলাকার একটি বারে তারকনাথের সঙ্গে তাঁর পরিচয় হয়। বিলাসবহুল জীবনযাপন করতেন শতরূপা। গ্রেফতার হওয়া দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তারকনাথকে মঙ্গলবার বারুইপুর আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।







