রাজনীতি

যাদবপুরে ফের ‘দেশবিরোধী’ স্লোগান উঠলে ‘সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠন ও বিজেপি সমর্থিত এবিভিপির সংঘর্ষকে ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই আবহেই বিতর্ক আরও উসকে দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, বিশ্ববিদ্যালয়ে ফের কোনও ‘দেশবিরোধী’ স্লোগান উঠলে বা দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ সামনে এলে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ করা হবে।

শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের দাবি, অতীতেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একাধিকবার দেশবিরোধী কার্যকলাপ ও স্লোগানের অভিযোগ উঠেছে। কিন্তু সেই সময় কেউ প্রতিবাদ করেননি। তাঁর অভিযোগ, তৎকালীন তৃণমূল সরকার বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধীদের প্রশ্রয় দিয়েছিল।

দিলীপ ঘোষ বলেন, তিনি আগেও জানিয়েছিলেন, এই ধরনের কার্যকলাপ কোনওভাবেই চলতে দেওয়া হবে না। তাঁর দাবি, সেই সময় এসএফআইয়ের অফিস ভেঙে দেওয়া হয়েছিল। ফের বিশ্ববিদ্যালয়ে একই ধরনের গতিবিধি বা স্লোগান দেখা গেলে ‘আবার সার্জিক্যাল স্ট্রাইক’ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তাঁর আরও দাবি, “ছয় মাস অপেক্ষা করুন, অনেক কিছুই উল্টেপাল্টে যাবে।” দেশবিরোধী কার্যকলাপ কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট করেন তিনি।

উল্লেখ্য, এবিভিপি ও বামপন্থী ছাত্র সংগঠনগুলির সংঘর্ষকে কেন্দ্র করে বুধবার রাত থেকেই উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। ওই রাতে অরবিন্দ ভবনে ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি জেনারেল বডি মিটিং চলাকালীন পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। অভিযোগ ওঠে, বাইরে থেকে এবিভিপি সমর্থকরা এসে বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালান। পাল্টা বাম ছাত্র সংগঠনের সদস্যদের বিরুদ্ধেও মারধরের অভিযোগ আনে এবিভিপি।

বৃহস্পতিবার দিনভর ক্যাম্পাসে উত্তেজনা বজায় ছিল। সেই সময় বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী নন্দলাল বসুর তৈরি এমব্লেমের একাংশ ভাঙা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। ঘটনায় শিক্ষকমহলেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে যাদবপুরের ফলক ভাঙার প্রতিবাদে শুক্রবার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে সামিল হচ্ছেন অধ্যাপকরা। দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত প্রতীকী ফলক হাতে নিয়ে প্রতিবাদ জানানো হবে। পাশাপাশি, ঘটনার প্রেক্ষিতে এফআইআর করা হবে কি না, তা নিয়েও শুক্রবার কর্তৃপক্ষের বৈঠক হওয়ার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.