কেন্দ্র

নতুন সিম নিতে গেলে এবার দিতে হবে পুরনো নম্বরের হিসাব, সীমা পেরোলেই বাতিল আবেদন

নতুন মোবাইল সিম নেওয়ার ক্ষেত্রে আরও কড়া হচ্ছে নিয়ম। নিজের নামে আগে থেকেই কতগুলি মোবাইল সংযোগ রয়েছে, নতুন সিমের আবেদন করার সময় এবার সেই তথ্য জানাতে হবে গ্রাহককে। শুধু একই টেলিকম সংস্থার নম্বর নয়, অন্য সংস্থায় বা অন্য টেলিকম সার্ভিস এরিয়ায় থাকা সংযোগও এই হিসাবের মধ্যে ধরা হবে।

টেলিকম দফতরের নতুন ব্যবস্থায় গ্রাহকের নামে নির্ধারিত সর্বোচ্চ সংখ্যক সিম ইতিমধ্যেই রয়েছে কি না, তা যাচাই করা হবে। সেই যাচাইয়ের জন্য ব্যবহার করা হবে ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম। আগামী ২৩ অগস্ট থেকে নির্ধারিত সীমায় পৌঁছে যাওয়া গ্রাহকদের একটি প্রতিনিধিত্বমূলক তথ্য সেখানে দেখা যাবে। নতুন সিম দেওয়ার আগে সেই তথ্য যাচাই করতে পারবে টেলিকম সংস্থাগুলি।

ফলে কোনও গ্রাহক যদি আগেই নির্ধারিত সর্বোচ্চ সীমায় পৌঁছে যান, তাহলে তাঁর নতুন সিমের আবেদন বাতিল করতে হবে। অর্থাৎ একাধিক সংস্থার সিম ব্যবহার করেন এমন গ্রাহকদের এবার নিজের নামে থাকা সব নম্বরের হিসাব জানা বিশেষ জরুরি।

তবে ভুলবশত সীমার বেশি কোনও সংযোগ চালু হয়ে গেলে তার জন্যও রাখা হয়েছে অন্তর্বর্তী ব্যবস্থা। যাচাইয়ের পর দেখা গেলে গ্রাহকের নামে অনুমোদিত সীমার বেশি সংযোগ রয়েছে, তাহলে নতুন চালু হওয়া নম্বরটি সাময়িকভাবে এক দিনের জন্য সাসপেন্ড করা যেতে পারে।

নতুন নিয়ম কার্যকর করতে টেলিকম সংস্থাগুলিকে নিজেদের প্রযুক্তিগত পরিকাঠামো ও অভ্যন্তরীণ প্রক্রিয়া বদলানোর সময় দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, ৩০ নভেম্বরের মধ্যে ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সম্পূর্ণ করতে হবে।

টেলিকম দফতরের লক্ষ্য, প্রত্যেক গ্রাহক যেন নির্ধারিত সীমার মধ্যেই মোবাইল সংযোগ ব্যবহার করেন। তাই নতুন সিম নেওয়ার পরিকল্পনা থাকলে আবেদন করার আগে নিজের নামে থাকা পুরনো ও বিভিন্ন সংস্থার নম্বরগুলি একবার মিলিয়ে নেওয়াই এখন বুদ্ধিমানের কাজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.