স্বাস্থ্যের অবনতির আশঙ্কায় পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার ভোরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। তবে কয়েক ঘণ্টা পরই ফের আদিয়ালা জেলে ফিরতে হল তাঁকে। ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর তাঁকে ফের সংশোধনাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI)।
পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর ইমরানকে জেল হেফাজতে রাখার বিষয়ে আপাতত কোনও আপত্তি জানাননি। এরপর কড়া নিরাপত্তার মধ্যে হাসপাতাল থেকে তাঁকে ফের আদিয়ালা জেলে নিয়ে যাওয়া হয়। PTI সূত্রের দাবি, বর্তমানে নিজের সেলেই রয়েছেন ৭৩ বছরের প্রাক্তন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার গভীর রাতে ইমরানকে শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের জেরে মঙ্গলবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়। একই সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল টিম গঠন করে প্রয়োজনীয় উন্নত চিকিৎসার ব্যবস্থার কথাও বলা হয়েছিল।
আদিয়ালা জেল থেকে হাসপাতালে যাওয়া এবং সেখান থেকে ফের জেলে ফেরার সময় গোটা পথেই ছিল কড়া নিরাপত্তা। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইমরানের যাতায়াত ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত আঁটসাঁট এবং কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ইমরানকে হাসপাতালে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই সেখানে ভিড় করেন তাঁর দলের সমর্থক ও অনুরাগীরা। ফরাসি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, তাঁকে এক ঝলক দেখার আশায় হাসপাতালের বাইরে কয়েক ডজন PTI সমর্থক অপেক্ষা করছিলেন। তবে তাঁদের সঙ্গে ইমরানের সাক্ষাৎ হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
২০২৩ সালের অগস্ট থেকে জেলে রয়েছেন ইমরান খান। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন তিনি। তাঁর আইনজীবীদের অভিযোগ, জেলে থাকার সময় তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে। বিশেষ করে ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে বলেও দাবি তাঁদের।
এই পরিস্থিতিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট ইমরানকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়। যদিও এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিল পাকিস্তান সরকার। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার ওই নির্দেশ পুনর্বিবেচনার আবেদনও করে। আইনমন্ত্রী আজম নাজির তারার যুক্তি ছিল, কোনও দণ্ডিত বন্দির চিকিৎসা জেলের ভিতরে অথবা সরকারি হাসপাতালে হওয়াই নিয়ম।
সরকারের দাবি ছিল, চিকিৎসা সংক্রান্ত রিপোর্টে এমন কোনও গুরুতর সমস্যা ধরা পড়েনি, যার জন্য ইমরানকে জরুরি ভিত্তিতে বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হবে। শেষ পর্যন্ত অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা শেষে চিকিৎসকদের অনুমতি মেলায় ফের তাঁকে আদিয়ালা জেলেই ফিরিয়ে দেওয়া হয়েছে।







