গতরাতের আইপিএল ম্যাচে ঘটল নজিরবিহীন কাণ্ড! ধরমশালার এইচপিসিএ স্টেডিয়ামে পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি মাঝপথে বন্ধ করে দিতে বাধ্য হল কর্তৃপক্ষ। প্রথম ইনিংসের ১০.১ ওভার পর্যন্ত খেলা হয়, তখনই হঠাৎ বন্ধ হয়ে যায় তিনটি ফ্লাডলাইট টাওয়ার। রাত ৯টা ২৯ মিনিটে খেলা বন্ধ হয়, এরপর পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ১১ মিনিটের মধ্যে ম্যাচ বাতিল ঘোষণা করা হয়।
এর আগে বৃষ্টির জন্য টস ও ম্যাচ শুরু কিছুটা দেরি হয়েছিল। টস হয় রাত ৮টা ১৫ মিনিটে, ম্যাচ শুরু হয় ৮টা ৩০-এ। তবে কোনও ওভার খরচ হয়নি। পঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরণ সিং ঝড় তুলেছিলেন শুরুতেই। মাত্র ৩৪ বলে ৭০ রান করেন আর্য। তাঁকে আউট করেন টি নটরাজন, তখনই ঘটে বিভ্রাট। বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে একটি লাইট টাওয়ার বিকল হয়ে পড়ে। মাঠে থাকা দর্শকদের কাছে ক্ষমাও চেয়েছে বোর্ড।
এই ঘটনার পর সাথে ধরমশালা বিমানবন্দর বন্ধ থাকার কারণে পঞ্জাবের পরবর্তী ম্যাচের ভেন্যু বদলানো হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচটি হবে আহমেদাবাদে, ধরমশালার বদলে।
এদিকে আজ শুক্রবার লক্ষ্ণৌতে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জিতলেই প্লে-অফে প্রথম দল হিসেবে জায়গা নিশ্চিত করবে তারা। পাশাপাশি রেকর্ড সাতটি অ্যাওয়ে ম্যাচে জয় পূর্ণ করার হাতছানিও রয়েছে কোহলিদের সামনে।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস টানা তিন ম্যাচে হেরে কোণঠাসা। একে তো নেট রানরেট মাইনাসে, তার ওপর পাঁচ জয়ের মধ্যে রয়েছে চারটি হার। আজ যদি তারা হারে, তাহলে প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে যাবে।
বেঙ্গালুরুর দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফিল সল্ট ও জশ হ্যাজলউডের খেলা নিয়ে সংশয় থাকলেও, সল্টকে অনুশীলনে দেখা গেছে। তিন নম্বরে দেবদত্ত প্যাডিকালের পরিবর্তে নতুন কাউকে দেখা যেতে পারে। লক্ষ্ণৌর কালো মাটির পিচে স্পিনাররাও বড় ফ্যাক্টর হতে চলেছে।
২০২৩-এ একানার মাঠে এই দুই দলের টানটান ম্যাচে মাত্র ১২৬ রান ডিফেন্ড করে জিতেছিল বেঙ্গালুরু। আজও যদি এমন কিছু হয়, তবে তা লেখা থাকবে আইপিএলের ইতিহাসে সোনার অক্ষরে।







