দেশ

রাতের আঁধারে কেঁপে উঠল সীমান্ত, পাল্টা প্রত্যাঘাতে কেঁপে উঠল ইসলামাবাদ

বৃহস্পতিবার রাতে জম্মু, রাজস্থান এবং পাঞ্জাবের একাংশে অপ্রত্যাশিত হামলা চালাল পাকিস্তান। ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের বৃষ্টিতে কেঁপে ওঠে সীমান্ত লাগোয়া এলাকাগুলি। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। হামলার সঙ্গে সঙ্গেই ওই তিন রাজ্যের সীমান্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়ে সাইরেন বাজানো শুরু হয়।
পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানানো হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) অনিল চৌহান পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন।
তবে ভারতীয় সেনাবাহিনীও চুপ করে বসে নেই। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর এবং সিয়ালকোটে পাল্টা আঘাত হেনেছে তারা।
পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত পাঠানকোট, যা জম্মু ও কাশ্মীরের প্রবেশদ্বার, সেখানে একের পর এক পাকিস্তানি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। সঙ্গে সঙ্গে শহরের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়। পাক সীমান্ত সংলগ্ন অমৃতসর এবং গুজরাতের কচ্ছ এলাকাতেও ব্ল্যাকআউট করা হয়েছে। সেখানকার বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সুদর্শন চক্র রাজস্থানের পোখরানে পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করেছে। ফালোড়ি বায়ুসেনা ঘাঁটির কাছে একটি পাকিস্তানি ড্রোনকেও গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। রাজৌরিতে পরপর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। উরি সেক্টর লক্ষ্য করে ধেয়ে আসছে মর্টার। এমনকি জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক এবং দক্ষিণ কাশ্মীরের খুদরু অর্ডিন্যান্স ডিপোতেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
এই আকস্মিক হামলায় সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। এছাড়াও ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণ। এই মুহূর্তে ভারতের পাল্টা প্রত্যাঘাতে ‘ব্ল্যাকআউট ‘ পাকিস্তান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.