সামশেরগঞ্জে টোটোচালক খুনে ছড়ালো চাঞ্চল্য। শুক্রবার ভোরে ফিডার ক্যানাল সংলগ্ন অঞ্চলে মিলল যুবকের ক্ষতবিক্ষত দেহ। ঘটনায় প্রবল শোরগোল ছড়াল অঞ্চলে। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কিন্তু এই নৃশংস খুনের নেপথ্যে কে বা কারা? তার তদন্তে নেমেছে পুলিশ।
সূত্রের খবর, মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মালঞ্চ অঞ্চলের বাসিন্দা ওই টোটোচালক যুবক। নিত্য দিনের মতোই বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরোন তিনি। কিন্তু ন’টা বেজে গেলো ফেরেননি। ওদিকে পরিবারের তরফে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায় না। এরপর শুক্রবার ভোরে ফিডার ক্যানাল সংলগ্ন এলাকায় মিলল যুবকের ক্ষতবিক্ষত দেহ। স্থানীয়রা দেহটি দেখতে পাওয়া মাত্রই প্রবল শোরগোল ছড়িয়ে পড়ে এলাকায়। খবর জানানো হয় থানায়।
দ্রুত পুলিশ গিয়ে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্থানীয়রা দাবি জানায়, যুবককে অন্যত্র খুন করে, দেহ ফিডার ক্যানেল সংলগ্ন এলাকায় ফেলা হয়েছে। এই ঘটনর নেপথ্যে কে বা কারা, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হবে মৃতের পরিবার, পরিজন ও বন্ধুদেরকে।







