খেলাধুলা

বাটলার-ব্রুকদের দুঃসময়, বিশ্বকাপে সরাসরি সুযোগ হারাতে পারে থ্রিলায়ন্স

বিশ্বচ্যাম্পিয়নদের কি তবে পড়তে হবে কোয়ালিফায়ারের কঠিন পরীক্ষায়? ২০১৯ সালের বিশ্বজয়ী ইংল্যান্ডের সামনে এখন এক দিনের বিশ্বকাপের মূলপর্বে সরাসরি খেলার স্বপ্ন রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একদিনের ফরম্যাটে ধারাবাহিক ব্যর্থতা তাদের ক্রমতালিকায় নামিয়ে এনেছে আট নম্বরে। সামনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজ। এই সিরিজে হার মানেই ক্রমতালিকায় এক ধাপ নিচে নেমে কোয়ালিফায়ার খেলতে হতে পারে জস বাটলারদের।

আইসিসির প্রকাশিত সর্বশেষ ক্রমতালিকা (৪ মে ২০২৪ – ৫ মে ২০২৫ সময়কাল নির্ধারিত) অনুযায়ী, ইংল্যান্ডের জয়-হারের অনুপাত মাত্র ০.২৭২। ১৪ ম্যাচে জয় এসেছে মাত্র তিনটিতে। এই পারফরম্যান্সে তারা এখন শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং পাকিস্তানেরও নিচে। অষ্টম স্থানে রয়েছে তারা ৮৪ রেটিং পয়েন্ট নিয়ে, একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ওয়েস্ট ইন্ডিজ (৮৩ পয়েন্ট)। এমন অবস্থায় ২৯ মে থেকে শুরু হতে চলা তিন ম্যাচের সিরিজে জিততেই হবে ইংল্যান্ডকে।

বিশ্বকাপের মূলপর্বে সরাসরি খেলবে ১৪ দেশের মধ্যে প্রথম আটটি দেশ। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে আয়োজক হিসাবে সরাসরি সুযোগ পেলেও, পূর্ণ সদস্য না হওয়ায় নামিবিয়াকে খেলতে হবে যোগ্যতা অর্জন পর্ব। গতবারও কোয়ালিফায়ারে ব্যর্থ হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল ক্যারিবিয়ানরা। সেই হতাশা এড়াতে এবার মরিয়া তারা।

ইংল্যান্ডের হাতে যদিও এখনও সময় রয়েছে। ৩১ মার্চ ২০২৭-এ প্রকাশিত আইসিসি তালিকা অনুযায়ী ঠিক হবে বিশ্বকাপের চূড়ান্ত আটটি সরাসরি যোগ্য দল। তবে বর্তমান পরিস্থিতি ইংল্যান্ডের জন্য নিঃসন্দেহে অশনি সঙ্কেত। সিরিজ জিতে আত্মবিশ্বাস ফেরানোই এখন তাদের একমাত্র লক্ষ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.