তমলুক টাউন ক্রেডিট সোসাইটি ব্যাংকের আসন্ন নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। চলতি মাসের ১৮ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ৫৮টি আসনের মধ্যে তৃণমূল ৫৮টিতেই, বিজেপি ২৪টি এবং নির্দল প্রার্থীরা ৯টি আসনে প্রার্থী দিয়েছে।
বিধায়ক সৌমেন মহাপাত্র আগেই ঘোষণা করেছিলেন, প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের মতামতের ভিত্তিতেই প্রার্থী ঠিক হবে। কিন্তু ১৬ নম্বর ওয়ার্ডে এই নিয়ম লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ। ওয়ার্ডের কাউন্সিলর দেবশ্রী দাস মাইতির পাঠানো নাম বাদ দিয়ে অন্য প্রার্থীর নাম প্যানেলে ঘোষণা করেন শহর তৃণমূল সভাপতি ও ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল খাড়া। এই ঘটনায় ক্ষুব্ধ দেবশ্রী মাইতি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় দলের অভ্যন্তরীণ স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেন।
চঞ্চল খাড়ার বিরুদ্ধে অন্য়ান্য কাউন্সিলররাও সরব হয়েছেন। কাউন্সিলর পার্থ সারথি মাইতির অভিযোগ, একাধিক সমবায় ব্যাংকের পদে থাকা সত্ত্বেও চঞ্চল খাড়া টাউন ব্যাংকের ক্ষমতা দখলের চেষ্টা করছেন। এমনকি তাঁর বিজেপি যোগ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
চঞ্চল খাড়া অবশ্য সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন এবং জানান, প্রার্থী তালিকা দলের উচ্চ নেতৃত্বের নির্দেশেই চূড়ান্ত হয়েছে।
ঘটনাটি ঘিরে তৃণমূলের অভ্যন্তরীণ টানাপোড়েন আরও বেড়েছে বলে মত রাজনৈতিক মহলের।







