নবদ্বীপের ভাগীরথী নদীতে ফের একবার দেখা মিলল পূর্ণবয়স্ক এক বিশালাকৃতি কুমিরের। আজ সকালেই রানীর ঘাট সংলগ্ন এলাকায় প্রথম নজরে আসে এই কুমিরটি। মুহূর্তের মধ্যেই স্নানরত মানুষজন আতঙ্কে নদী থেকে উঠে আসেন পাড়ে। স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। খবর পৌঁছে যায় নবদ্বীপ থানায়, সেখান থেকে বনদপ্তরকে জানানো হয় পরিস্থিতির বিষয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুমিরটি সম্পূর্ণ জলের ওপরে উঠে এসেছিল এবং কিছুক্ষণ সেখানে স্থির অবস্থায় ছিল। ঘটনাস্থলে উপস্থিত একাধিক মানুষ ভিডিও এবং ছবি ধারণ করেন, যা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। এর আগে প্রায় ছয় মাস আগে ভাগীরথীতেই দেখা গিয়েছিল এক পূর্ণবয়স্ক কুমির। সেই সময়েও আতঙ্ক ছড়িয়েছিল শহর জুড়ে।
পবিত্র তীর্থস্থান নবদ্বীপে প্রতিদিন হাজার হাজার ভক্ত ও পর্যটক গঙ্গাস্নানে আসেন। আজকের এই ঘটনায় তাদের মধ্যেও চরম উদ্বেগ তৈরি হয়েছে। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, তৎপরতার সঙ্গে তল্লাশি শুরু হয়েছে এবং কুমিরটি কোথা থেকে এসেছে, সেটি জানার চেষ্টা চলছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আপাতত নদীতে নামতে নিষেধ করা হয়েছে। নদীতীরবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং বনদপ্তরের একটি বিশেষ দল নজর রাখছে কুমিরটির গতিবিধির উপর। এই ঘটনায় নবদ্বীপ শহরজুড়ে কুমির আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে গভীর উদ্বেগ ও আতঙ্ক।







