জেলা

মগড়ায় দেশবিরোধী পোস্ট, গ্রেফতার যুবক

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির মাঝে সামাজিক মাধ্যমে দেশবিরোধী পোস্ট করে উত্তেজনা ছড়ানোর অভিযোগে ফের গ্রেফতার এক যুবক। এবার মগড়া থানার পুলিশ গ্রেফতার করল বাঁশবেড়িয়ার বাসিন্দা মহম্মদ ওয়াকিলকে।

সূত্রের খবর, ওয়াকিল তাঁর সোশ্যাল মিডিয়া পেজে রাফাল যুদ্ধবিমান নিয়ে বিতর্কিত এবং দেশের নিরাপত্তা নিয়ে বিরূপ মন্তব্য করেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক আগে থেকেই নির্দেশ দিয়েছিল, এই সংবেদনশীল সময়ে সমাজমাধ্যমে কোনও ধরনের উস্কানিমূলক বা দেশবিরোধী বক্তব্য থেকে বিরত থাকতে। তা সত্ত্বেও নিয়ম ভেঙে পোস্ট করায় তাঁকে গ্রেফতার করা হয়।

ঘটনার সূত্রপাত, বিজেপি কর্মী দেবজিৎ মুখোপাধ্যায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে। তিনি মগড়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরেই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ওয়াকিলকে গ্রেফতার করে। তাঁকে চুঁচুড়া আদালতে তোলা হয়।

প্রসঙ্গত, গত পাঁচ দিন আগেই হুগলির বলাগড় ও পান্ডুয়া অঞ্চল থেকে আরও দু’জন যুবককে একই ধরনের অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের বিরুদ্ধেও সমাজমাধ্যমে ভারতবিরোধী পোস্ট করে অশান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগ ওঠে।

পুলিশ সূত্রে খবর, এই ধরনের পোস্টের বিরুদ্ধে এখন জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নজরদারি বাড়ানো হয়েছে এবং কোনও উস্কানিমূলক পোস্ট সামনে এলেই সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাম্প্রতিক ঘটনাগুলি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের কড়া অবস্থানে স্থানীয় মানুষজনও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.