ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক ঘরোয়া টেস্ট সিরিজ়ের ঠিক আগে বড়সড় পরিবর্তন আনল ইংল্যান্ড ক্রিকেট দল। কোচ ব্রেন্ডন ম্যাকালামের সুপারিশে সরিয়ে দেওয়া হল দলের দুই অভিজ্ঞ তথ্য বিশ্লেষক ফ্রেডি ওয়াইল্ড ও নাথান লিমনকে। আধুনিক ক্রিকেটে যখন পরিসংখ্যান ও তথ্য বিশ্লেষণ হয়ে উঠছে ম্যাচ জেতার অন্যতম হাতিয়ার, তখন এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিস্তর বিতর্ক।
ব্রেন্ডন ম্যাকালামের যুক্তি পরিষ্কার—টেস্ট ক্রিকেটে পরিসংখ্যান নয়, কাজে লাগে অভিজ্ঞতা, পরিস্থিতি পড়ার ক্ষমতা ও ক্রিকেটবোধ। তিনি মনে করেন, বিপক্ষের দুর্বলতা খোঁজার জন্য তথ্য বিশ্লেষণ যেমন টি-টোয়েন্টিতে জরুরি, টেস্ট ক্রিকেটে তেমন কোনও প্রয়োজন নেই। ইংল্যান্ড বোর্ডের পক্ষ থেকেও জানানো হয়েছে, ভবিষ্যতে ক্রিকেটারদের আরও বেশি করে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ানো হবে।
‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদনে উল্লেখ, ইংল্যান্ড দলের পরিকল্পনায় একটা বড় পরিবর্তন এসেছে। ওয়াইল্ড এবং লিমন মূলত সাদা বলের ফরম্যাটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়েও তাঁদের দেখা যাবে না। বোর্ডের মতে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তথ্য বিশ্লেষণের গুরুত্ব থাকলেও আন্তর্জাতিক টেস্ট ম্যাচে সেই প্রয়োজন ততটা নেই।
সবমিলিয়ে কোচ ম্যাকালাম সাজঘরে সাপোর্ট স্টাফের সংখ্যা কমাতে চাইছেন। খেলোয়াড়দের উপর চাপ না বাড়িয়ে বরং তাঁদের পারফরম্যান্স ও দায়িত্ববোধের জায়গাটা আরও জোরালো করতে চাইছেন। এবার দেখার, এই নতুন দৃষ্টিভঙ্গি ভারতের বিপক্ষে কার্যকর হয় কি না।







