OMR শিটে কারচুপির অভিযোগে চাকরি হারানো নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকদের একটি বড় অংশের সুপ্রিম কোর্টে নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগদানের আবেদন খারিজ হয়ে গেল। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, উত্তরপত্রে কারচুপি থাকলে নতুন পরীক্ষায় বসা যাবে না এবং বেতনও পাওয়া যাবে না।
শুক্রবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে এই মামলার শুনানি হয়। আবেদনকারীদের আইনজীবী মুকুল রোহতগি এবং করুণা নন্দীরা সওয়াল করেন যে তাঁদের মক্কেলরা সাদা খাতা জমা দিয়ে বা প্যানেল-বহির্ভূতভাবে চাকরি পাননি, কেবল উত্তরপত্রে কিছু কারচুপির অভিযোগ উঠেছে। তাই তাঁরা নতুন করে পরীক্ষায় বসার সুযোগ চান এবং নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বেতনও চান।
তবে, আদালত সেই আবেদন গ্রাহ্য করেনি। বেঞ্চ প্রশ্ন তোলে, “রায় ঘোষণার পরে এখন যোগ্য বা অযোগ্যের কথা কী ভাবে বলছেন?” গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট এসএসসি’র ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে ২৫,৭৩৫ জনের চাকরি বাতিল করেছিল এবং নির্দেশ দিয়েছিল, “দাগি” বা “অযোগ্য” হিসাবে চিহ্নিতদের বেতন ফেরত দিতে হবে এবং তাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না। এই নির্দেশে হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছে আদালত।
মূল মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামিমেরা জানান, উত্তরপত্রে কারচুপির মাধ্যমে চাকরি প্রাপ্তরাও “দাগি অযোগ্য”দের মধ্যেই পড়েন। এর আগে “র্যাঙ্ক জাম্প” করে চাকরি পাওয়া শিক্ষকদের আবেদনও খারিজ করেছিল বিচারপতি কুমারের বেঞ্চ। এই রায় হাজার হাজার চাকরি হারানো শিক্ষকের জন্য এক বড় ধাক্কা। তাঁদের নতুন করে কর্মজীবনে ফেরার আশা অনেকটাই ফিকে হয়ে গেল।







