চলতি আইপিএলের (১৮তম সংস্করণ) শেষে প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে রাজস্থান রয়্যালস। তবে এই মরসুমে দলটি পেয়েছে এক মূল্যবান রত্ন—বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। মাত্র ১৭ বছর বয়সে আইপিএলের ইতিহাসে দ্রুততম ভারতীয় সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি—৩৫ বলে শতরান করে ভেঙেছেন ইউসুফ পাঠানের ৩৭ বলের রেকর্ড।
রাজস্থানের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন বৈভব। ২০২৪ সালের নিলামে রাজস্থান তাঁকে ১ কোটি ১০ লক্ষ টাকায় কিনেছিল। পাশাপাশি বোর্ডের নিয়ম অনুযায়ী, প্রতি ম্যাচে আলাদা ম্যাচ ফি হিসাবে ৭.৫ লক্ষ টাকা করে দেওয়া হয়। সেই হিসেবে সাতটি ম্যাচে বৈভব পেয়েছেন প্রায় ৫৩ লক্ষ টাকা।
এছাড়াও তিনি একাধিক ম্যাচে সেরা খেলোয়াড় এবং ‘বেস্ট স্ট্রাইকার অফ দ্য ম্যাচ’-এর পুরস্কার জিতেছেন, যার প্রতিটির মূল্য ১ লক্ষ টাকা। সব মিলিয়ে এবারের আইপিএল থেকে বৈভবের উপার্জন প্রায় ১ কোটি ৬৫ লক্ষ টাকা।
এই তরুণ ক্রিকেটার ইতিমধ্যেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দিতে চলেছেন এবং ইংল্যান্ডে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ইতিমধ্যেই বড় বড় স্পনসর সংস্থার নজর কেড়েছেন বৈভব। এই বিস্ময় বালকের জন্য ভবিষ্যৎ যে উজ্জ্বল, তা বলাই যায়।







