১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত সুভাষ ঘাই পরিচালিত ‘খলনায়ক’ ছবিটি বলিউডে ব্যাপক সাড়া ফেলেছিল। সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত এবং জ্যাকি শ্রফ অভিনীত এই ছবি একদিকে যেমন দর্শকদের মন জয় করেছিল, তেমনই ‘চোলি কে পিছে’ গানের জন্য তৈরি হয়েছিল তীব্র বিতর্ক। প্রায় তিন দশক পর সেই ছবির সিক্যুয়েল আনতে চলেছেন প্রবীণ পরিচালক সুভাষ ঘাই।
সূত্রের খবর, ইতিমধ্যেই ‘খলনায়ক ২’-এর স্ক্রিপ্ট তৈরির কাজ শুরু হয়েছে। তবে এটি কোনও রিমেক নয়, বরং নতুন প্রজন্মের চরিত্রদের ঘিরেই তৈরি হবে সিক্যুয়েলের কাহিনি। নতুন তারকাদের নেওয়া হলেও মূল আকর্ষণ হিসেবে ছবিতে থাকবেন মাধুরী দীক্ষিত এবং সঞ্জয় দত্ত। শোনা যাচ্ছে, বল্লু বলরামের চরিত্রে কাকে নেওয়া হবে, তা নিয়ে চার জন অভিনেতার নাম ইতিমধ্যেই ভাবনা-চিন্তা শুরু করেছেন ঘাই।
উল্লেখ্য, সুভাষ ঘাই ‘রাম লক্ষ্মণ’, ‘সওদাগর’, ‘পরদেশ’-এর মতো বহু সুপারহিট ছবির নির্মাতা। তবে ২০২২ সালের পর থেকে তিনি আর কোনও ছবি পরিচালনা করেননি। দীর্ঘদিন পর তাঁর কেরিয়ারের অন্যতম আইকনিক ছবি ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে তিনি আবার আলোচনায় উঠে এলেন। ‘খলনায়ক ২’ নিয়ে গুঞ্জনের সূত্রপাত হয়েছিল সুভাষ ঘাই ও তাঁর স্ত্রী মুক্তার বিবাহবার্ষিকীতে, যেখানে বহু বছর পর একসঙ্গে দেখা গিয়েছিল মাধুরী, সঞ্জয়, জ্যাকি শ্রফ ও অনুপম খেরকে। সেখান থেকেই দর্শকের কৌতূহল ও উত্তেজনার পারদ চড়তে শুরু করে। এখন দেখার অপেক্ষা, কে হবেন নতুন খলনায়ক?







