আরজি কর হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনার পর এখনও একটি বছর পেরোয়নি। সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাই। তখন থেকেই রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে সর্বোচ্চ আদালত। এবার ফের বিতর্কে জড়ালেন আরেক সিভিক ভলান্টিয়ার — নীরজ সিং।
খাস কলকাতার কসবা এলাকায় সন্ধ্যায় এক যুবককে কনস্টেবলের পোশাক পরে দাদাগিরি করতে দেখা যায়। স্থানীয়রা জানান, ওই যুবক মদ্যপ অবস্থায় এক যুবককে ভয় দেখাচ্ছিলেন। প্রশ্ন করলে তিনি চড়াও হন বাসিন্দাদের উপর। পরিস্থিতি বেগতিক দেখে ১০০ ডায়ালে ফোন করেন স্থানীয়রা।
পুলিশ এসে জানতে চায় যুবক কোথাকার কনস্টেবল। উত্তর মিলতেই স্পষ্ট হয়, তিনি কোনও পুলিশ কনস্টেবল নন, বরং প্রগতি ময়দান থানার এক সিভিক ভলান্টিয়ার। তাঁর কাছে পুলিশের পোশাক কোথা থেকে এল, তা স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান, থানায় রাখা কনস্টেবলের পোশাকই তিনি চুরি করে পরে ফেলেছিলেন।
ঘটনার জেরে নীরজ সিংকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। বিষয়টি নিয়ে বিরোধীরা তীব্র সমালোচনায় মুখর। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “তদন্ত করে দেখুন, পোশাকটা চুরি হয়েছে, না ভাড়া দেওয়া হয়েছিল? এই পোশাক পরে টাকা তোলার চেষ্টা হচ্ছিল কি না, সেটাও খতিয়ে দেখা জরুরি।”
প্রসঙ্গত, কিছুদিন আগেই পাঁশকুড়ায় এক কিশোরের আত্মহত্যার ঘটনায়ও এক সিভিক ভলান্টিয়ারের নাম জড়িয়েছে। ক্রমশ প্রশ্নের মুখে পড়ছে সিভিক ভলান্টিয়ার ব্যবস্থার স্বচ্ছতা ও দায়িত্ববোধ।







