রবিবার রাতে রাজারহাটের ফাঁকা রাস্তায় ভয়াবহ স্কুটি দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবতী। মৃতার নাম পূজা, বয়স প্রায় ২২ বছর। জানা গিয়েছে, স্কুটি চালানো শেখার জন্য পূজা বেশ কিছু দিন ধরেই পরিবারের কাছে অনুরোধ করছিলেন। সেই কারণেই তাঁর প্রেমিক শুভঙ্কর ভৌমিক তাঁকে স্কুটি চালানো শেখাতে নিয়ে যান।
ঘটনার দিন, পূজা নিজেই স্কুটি চালাচ্ছিলেন এবং শুভঙ্কর পিছনে বসে ছিলেন। সূত্রের খবর, দু’জনের কারোর মাথায় হেলমেট ছিল না। মাঝেরআইট রোডের কাছে স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে তাঁরা রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনায় পূজার মাথায় গুরুতর আঘাত লাগে। তাঁকে দ্রুত স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পূজার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে এবং তাতে দেখা যায়, হঠাৎ করে স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাচ্ছে। প্রাথমিক অনুমান, চালানোর সময় পূজার হাত কেঁপে যেতে পারে অথবা হঠাৎ গতি বেড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
এই মর্মান্তিক ঘটনায় পূজার পরিবার এবং এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় বাসিন্দাদের দাবি, হেলমেট না পরার খামখেয়ালিপনাই এক তরতাজা প্রাণ কেড়ে নিল। সচেতনতা ও সতর্কতার অভাবে আরও একটি অকালমৃত্যুর সাক্ষী হল শহর।







