রাজ্য

দুর্যোগের জেরে পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রা, নতুন দিন ঘোষণা রবিবার

খারাপ আবহাওয়ার কারণে স্থগিত রাখা হল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রা। বৃহস্পতিবারের পরিবর্তে আগামী রবিবার হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি ও প্রশাসনের আধিকারিকদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রথা মেনে বৃহস্পতিবার ঘট বিসর্জন করা যাবে। পাশাপাশি, আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলে শনিবার দিনের বেলায় যে পুজো কমিটিগুলি বিসর্জন দিতে চায়, তারাও প্রতিমা নিরঞ্জন করতে পারবে। তবে রাতের শোভাযাত্রা ও বিসর্জনের সমস্ত আয়োজন হবে রবিবার।

বৃহস্পতিবার সকাল থেকেই চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমার বিসর্জন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ভোর থেকেই আবহাওয়ার অবনতি হতে থাকে। শুরু হয় বৃষ্টি। এমন পরিস্থিতিতে কীভাবে ঐতিহ্যবাহী বিসর্জনের শোভাযাত্রা আয়োজন করা সম্ভব, তা নিয়ে উদ্বেগ তৈরি হয় পুজো উদ্যোক্তাদের মধ্যে। পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসে কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি ও প্রশাসনের কর্তারা। সেখানেই শোভাযাত্রা রবিবার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কেন্দ্রীয় কমিটির সম্পাদক শুভজিৎ সাউ জানান, অল্প সময়ের নোটিসে ১৮০টি পুজো কমিটিকে বৈঠকে ডাকা হয়েছিল। সকলের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শোভাযাত্রা আয়োজন করা সম্ভব নয়। তাই তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, শনিবার আবহাওয়ার উন্নতি হলে দিনের বেলায় যে সমস্ত পুজো কমিটি বিসর্জন দিতে চায়, তারা সেই সুযোগ পাবে। অন্যদিকে, সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে শোভাযাত্রা। বিসর্জন দু’দিন পিছিয়ে যাওয়ায় পুজো কমিটিগুলির উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হবে। এই পরিস্থিতিতে বিদ্যুতের বিলে কিছুটা ছাড় দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ সংস্থাগুলির কাছে আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, চন্দননগর ও ভদ্রেশ্বর এলাকায় আয়োজিত জগদ্ধাত্রী পুজোগুলির মধ্যে ৬৮টি কমিটি রাতের শোভাযাত্রায় অংশ নেয়। তাদের শোভাযাত্রায় থাকে চোখধাঁধানো আলোকসজ্জা। বাকি পুজো কমিটিগুলি দিনের বেলাতেই প্রতিমা বিসর্জন করে। চন্দননগর ও ভদ্রেশ্বর মিলিয়ে মোট ১৪টি ঘাটে প্রতিমা নিরঞ্জন করা হয়। দিনের বিসর্জন পর্ব শেষ হওয়ার পর শুরু হয় সন্ধ্যার শোভাযাত্রা। সারারাত ধরে চলে এই বর্ণাঢ্য আয়োজন। এই দৃশ্য দেখতে শুধু স্থানীয় বাসিন্দারাই নন, দূরদূরান্তের বিভিন্ন জেলা থেকেও বহু মানুষ ভিড় জমান।

স্বাভাবিকভাবেই ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আবহাওয়ার অবনতি হওয়ায় উদ্বেগ বাড়ে পুজো উদ্যোক্তাদের। প্রথমে বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় কমিটি। তার আগে কোনও বিসর্জন করা যাবে না বলেও জানানো হয়েছিল। পরে প্রশাসন ও পুজো কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়, রবিবারই অনুষ্ঠিত হবে বিসর্জনের শোভাযাত্রা।

উল্লেখ্য, প্রায় ২৮ বছর আগেও একইভাবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চন্দননগরের বিসর্জনের শোভাযাত্রা স্থগিত রাখতে হয়েছিল। সেবারও নির্ধারিত দিনের পরিবর্তে পরের দিন আয়োজন করা হয়েছিল ঐতিহ্যবাহী শোভাযাত্রার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.