ক্যামাক স্ট্রিট কাণ্ডে ফের পুলিশের তলবে সাড়া দিলেন না ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিলবোর্ড খোলার সময় পুরকর্মী ও পুলিশের কাজে বাধা এবং তাঁদের হেনস্তার অভিযোগে রবিবার তাঁর বাড়িতে গিয়ে নোটিস দিয়েছিল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। নোটিসে সোমবার সকাল ১০টায় থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও থানায় যাননি অভিষেক।
পুলিশ সূত্রে খবর, থানায় হাজিরার জন্য আরও ৪৮ ঘণ্টা সময় চেয়ে ই-মেল পাঠিয়েছেন তৃণমূল সাংসদ। এরপরই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় শেক্সপিয়র সরণি থানার পুলিশ। বুধবার থানায় হাজিরার জন্য নতুন করে নোটিস দেওয়া হয়েছে তাঁকে।
অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে থাকা বিলবোর্ড খুলতে গেলে পুরকর্মীদের কাজে বাধা দেওয়া হয়। একইসঙ্গে পুলিশ ও পুরকর্মীদের হেনস্তা এবং মারধরের অভিযোগও ওঠে। এই ঘটনায় কলকাতা পুরসভার তরফে অভিষেকের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে পুরসভার দায়ের করা একটি মামলায় তাঁকে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। এবার পুরসভার আরও একটি এফআইআরের ভিত্তিতে শেক্সপিয়র সরণি থানায় তাঁকে তলব করা হয়েছিল।
ঘটনার সূত্রপাত গত ২৭ আগস্ট। ওইদিন ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে লাগানো বিলবোর্ড খুলতে গিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অফিসের নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পুলিশের অভিযোগ, অফিসে ঢোকার সময় একাধিক পুলিশকর্মীকে কলার ধরে মারধর করা হয়। ধস্তাধস্তির মধ্যে কয়েকজন পুলিশকর্মী সিঁড়িতে পড়েও যান। পুরকর্মীদেরও কাজে বাধা দেওয়া এবং মারধরের অভিযোগ ওঠে।
কলকাতা পুরসভার দাবি, ক্যামাক স্ট্রিটের ওই বিলবোর্ডটি বেআইনি ছিল। শেষপর্যন্ত বাধা সত্ত্বেও বিলবোর্ডটি খুলে দেয় পুরসভা। ঘটনায় পুলিশ ও পুরকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের করে কলকাতা পুরসভা।
সেই অভিযোগের ভিত্তিতেই অভিষেককে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত দিনে থানায় না গিয়ে অতিরিক্ত সময় চেয়ে পুলিশকে ই-মেল করেন তিনি। এখন বুধবার দেওয়া নতুন নোটিসে ডায়মন্ড হারবারের সাংসদ হাজির হন কি না, সেদিকেই নজর।







