ভারতীয় ফুটবলের ইতিহাসে এক ঐতিহাসিক রাতে নর্থইস্ট ইউনাইটেড এফসি তাদের প্রথম শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করলো। কলকাতার আইকনিক সল্ট লেক স্টেডিয়ামে অনুষ্ঠিত ডুরান্ড কাপ ২০২৪-এর ফাইনালে মোহনবাগানকে ৩-৪ পেনাল্টি শুটআউটে হারিয়ে নিজেদের প্রথম সিলভারওয়্যার অর্জন করলো তারা।
ম্যাচের শুরুতেই মোহনবাগান এসজি নিজেদের আধিপত্য স্থাপন করে। জেসন কামিংসের ১০ মিনিটে পেনাল্টি থেকে করা গোল এবং সাহাল আব্দুল সামাদের প্রথমার্ধের শেষ মুহূর্তের গোল মোহনবাগানকে ২-০ ব্যবধানে এগিয়ে নেয়। সেখান থেকে মনে হচ্ছিল মোহনবাগান আরও একবার শিরোপা জিততে চলেছে। কিন্তু নর্থইস্ট ইউনাইটেড এফসি সহজেই হার মানতে রাজি ছিল না।
দ্বিতীয়ার্ধে কোচ জুয়ান পেদ্রো বেনালির তত্ত্বাবধানে, নর্থইস্ট ইউনাইটেড এফসি অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরে আসে। ৫৫ মিনিটে আলাদিন আজারায় একটি গুরুত্বপূর্ণ গোল করেন, এবং তিন মিনিট পরেই গিলেরমো ফের্নান্দেজের দুর্দান্ত ভলি ম্যাচের সমতা ফেরায়। এরপর উত্তেজনা তুঙ্গে উঠে এবং ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।
এই পেনাল্টি শুটআউটেই খেলা নির্ধারিত হয় এবং নর্থইস্ট ইউনাইটেডের গোলরক্ষক গুরমিত সিং রাতের নায়ক হয়ে ওঠেন। তার দুটি অসাধারণ সেভ মোহনবাগানের লিস্টন কোলাসো এবং অধিনায়ক শুভাশিস বোসের পেনাল্টি শট রুখে দেয়, যা নর্থইস্ট ইউনাইটেডের জয় নিশ্চিত করে। শেষ পেনাল্টি শটে নর্থইস্টের ৪-৩ ব্যবধানে জয় পাওয়ার সঙ্গে সঙ্গে স্টেডিয়ামজুড়ে উল্লাস ছড়িয়ে পড়ে।
এই জয়ের মাধ্যমে নর্থইস্ট ইউনাইটেড এফসি তাদের প্রতিষ্ঠার মাত্র এক দশকের মধ্যেই বড় একটি মাইলফলক অর্জন করলো। এই জয় তাদের জন্য শুধুমাত্র একটি শিরোপা নয়। বরং তাদের কঠোর পরিশ্রম, দৃঢ়তা এবং বিশ্বাসের ফলাফল। যা তাদের আজকের এই গৌরবময় মুহূর্তে পৌঁছে দিয়েছে।







