বিনোদন

লম্বা চুল, রক্তমাখা চেহারা! ইমরান হাশমির নতুন লুক ঘিরে জল্পনা তুঙ্গে

বলিউড অভিনেতা ইমরান হাশমি আবারও শিরোনামে। সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর পোস্ট করা একটি রহস্যময় ছবি ঘিরে ভক্তদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়েছে। ছবিতে দেখা যাচ্ছে লম্বা চুল, গম্ভীর মুখভঙ্গি আর রক্তমাখা রুক্ষ চেহারায় একেবারে অন্যরকম এক ইমরান। এই লুক প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে জল্পনা, তবে কি ‘আওয়ারাপন’-এর বহু প্রতীক্ষিত সিক্যুয়েল আসছে?

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত মোহিত সুরির পরিচালিত ‘আওয়ারাপন’ সিনেমায় ইমরান অভিনয় করেছিলেন শিবম পণ্ডিত নামে এক রহস্যময় চরিত্রে। বক্স অফিসে সেই সময় ছবিটি খুব একটা সাড়া ফেলতে না পারলেও, সময়ের সঙ্গে সঙ্গে এটি হয়ে ওঠে একটি কাল্ট ক্লাসিক। ছবির গাঢ় আবেগ, ইমরানের মেলানকোলিক অভিনয় আর চরিত্রের গভীরতা দর্শকমহলে অন্য মাত্রা তৈরি করেছিল। তাই সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীরা যখন বলছেন, “শিবম ইজ ব্যাক!”, তখন তাদের আবেগ যে কতখানি, তা স্পষ্ট। ইমরানের এই নতুন লুক ঘিরে এখনই কোনও অফিসিয়াল ঘোষণা না থাকলেও ভক্তদের প্রত্যাশা, এবার হয়তো বড়োপর্দায় ফিরছে ‘আওয়ারাপন ২’। অনেকেই ধারণা করছেন, ছবির কাজও হয়তো গোপনে শুরু হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা, নস্টালজিয়া আর অপেক্ষার পালা।

এদিকে ইমরান হাশমি অভিনীত ‘গানমাস্টার জি ৯’ ছবির টিজার মুক্তির পর দর্শকদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এই ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন জেনেলিয়া দেশমুখ, আর গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অপারশক্তি খুরানাও। আগামী বছর মুক্তি পাবে এই সিনেমা। একসময় বলিউডে ‘সিরিয়াল কিসার’ তকমায় পরিচিত ইমরান সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই ধরনের খেতাব তাঁকে বরাবরই বিব্রত করেছে। তাঁর মতে,”একজন অভিনেতার নানা চরিত্রে দেখা যাওয়া স্বাভাবিক। কিন্তু একটিমাত্র বিশেষণ দিয়ে তাঁকে আটকে রাখা উচিত নয়।” তাই অনেক বছর ধরেই তিনি চেষ্টা করছেন অন্যধারার চরিত্রে নিজেকে প্রতিষ্ঠা করতে।

অন্যদিকে, পবন কল্যাণের সঙ্গে ‘ওজি’ ছবির শুটিংয়ের সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন ইমরান। পরে জানা যায়, তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে আবারও কাজে ফিরেছেন তিনি। গত এপ্রিল মাসে মুক্তিপ্রাপ্ত ‘গ্রাউন্ড জিরো’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শক ও সমালোচকদের কাছে। সব মিলিয়ে বলা যায়, ইমরান হাশমি এখন এক নতুন অধ্যায়ের মুখে দাঁড়িয়ে। রহস্যময় লুক আর আসন্ন সিনেমাগুলিকে ঘিরে তাঁর অনুরাগীদের উত্তেজনার পারদ চড়ছে। এবার শুধু সময়ই বলবে, ভক্তদের আশা সত্যি হয়ে ‘আওয়ারাপন ২’ আদৌ বড়োপর্দায় আসে কি না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.