আবারও স্বপ্নভঙ্গ ভারতের। আবারও ফুটবলভক্তদের হতাশা। আন্তর্জাতিক ফুটবলে নিজেদের অবস্থান তুলে ধরার যে ক্ষীণ আশা জেগেছিল ভারতীয় দলের মধ্যে, তা মুছে দিল মঙ্গলবারের হংকংয়ের বিপক্ষে লজ্জাজনক হার। ফিফা ক্রমতালিকায় ২৬ ধাপ পিছিয়ে থাকা দলের কাছে ৯০+৪ মিনিটে পেনাল্টি গোল হজম করে ০-১ ব্যবধানে হার মানল ভারত। এই ম্যাচে যেমন ফুটবলের গতি ছিল না, তেমনই ছিল না পরিকল্পনার ছাপ। হংকংয়ের কোচ অ্যাশলে ওয়েস্টউড এক সময় যিনি ছিলেন সুনীল ছেত্রীর কোচ, তিনি জানতেন ভারতের দুর্বল জায়গাগুলি—এ দিন সেটারই নিখুঁত ব্যবহার করল তাঁর দল।
ভারতীয় দলের পারফরম্যান্স এদিন ছিল অনুপ্রেরণাহীন, মন্থর এবং উদ্দেশ্যহীন। কোচ মানোলো মার্কেজ় প্রথম একাদশে সুনীল ছেত্রীকে না রেখে শুরু করলেও দ্বিতীয়ার্ধে তাঁকে নামান গোলের খোঁজে। কিন্তু ৪০ বছর বয়সি সুনীলও ফিরিয়ে দিতে পারলেন না সেই স্বর্ণালী অতীত। ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে সংযুক্ত সময়ে, যখন গোলরক্ষক বিশাল কাইতের ভুল সিদ্ধান্ত ভারতকে হারিয়ে দেয়। বক্সের মধ্যে হংকংয়ের ফরোয়ার্ড উদেবুলজ়োরকে ফাউল করে পেনাল্টি উপহার দেন বিশাল, আর সেই সুযোগ হাতছাড়া করেননি পেরেইরা।
এই ম্যাচের ফল শুধুই একটা হার নয়, বরং এক গভীর প্রশ্নচিহ্ন ভারতীয় ফুটবল কাঠামোর ওপর। মাঝমাঠের দিশাহীনতা, রক্ষণের ভুল বোঝাবুঝি, আর ফিনিশিংয়ের দুর্বলতা—সব মিলিয়ে দলের ভবিষ্যৎ নিয়ে ফের শঙ্কা তৈরি হল। বছর তিনেক আগেও যে হংকংকে ৪-০ গোলে হারিয়েছিল ভারত, আজ তাদেরই কাছে কুপোকাত। কোচ ওয়েস্টউড জানতেন ভারতীয় দলের প্রতি প্লেয়ারের গঠন ও মানসিকতা—সেটাই তাঁর প্রধান অস্ত্র হয়ে উঠল।
পরিস্থিতি বলছে, শুধুমাত্র সুনীল ছেত্রীর ওপর নির্ভরশীলতা নয়, প্রয়োজন গোটা ফুটবল ব্যবস্থার পুনর্গঠন। না হলে লজ্জার রাতের সংখ্যা বাড়তেই থাকবে।







