ভারতের আকাশসীমা রক্ষায় এক বৈপ্লবিক পরিবর্তনের পথে পা বাড়িয়েছে প্রতিরক্ষা মন্ত্রক এবং হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (HAL)। এতদিন রাশিয়ার প্রযুক্তির ওপর বড়সড় নির্ভরতা থাকলেও, এবার নিজেদের শক্তি বাড়াতে ‘আত্মনির্ভর’ হওয়ার চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে দেশ। মূল লক্ষ্য হলো ভারতীয় বায়ুসেনার সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান Su-30MKI-কে পুরোপুরি ভোল বদলে ‘সুপার সুখোই’-এ রূপান্তরিত করা। সবচেয়ে বড় চমক হলো, এই আধুনিকীকরণের পর যুদ্ধবিমানটির প্রায় ৭৮ শতাংশ যন্ত্রাংশই হবে সম্পূর্ণ ভারতীয়।
এই নতুন পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বিমানের ‘চোখ’ এবং ‘মস্তিষ্ক’কে। রাশিয়ার পুরনো রেডারের বদলে এখন বসানো হচ্ছে ভারতে তৈরি সর্বাধুনিক ‘উত্তম’ এসা (AESA) রেডার। এই শক্তিশালী রেডার অনেক দূর থেকেই শত্রুপক্ষের গতিবিধি ধরে ফেলবে। পাশাপাশি বিমানের মিশন কম্পিউটার বা অ্যাভিওনিক্স সিস্টেমও হচ্ছে দেশি। এর ফলে যুদ্ধের ময়দানে বিদেশি সফটওয়্যার হ্যাক হওয়ার বা তথ্য পাচার হওয়ার কোনো ঝুঁকি থাকবে না। প্রযুক্তির ভাষায় একেই বলা হচ্ছে বিমানের ‘মস্তিষ্ক’কে সুরক্ষিত করা।
এই আধুনিকীকরণের ফলে ‘সুপার সুখোই’ এখন আরও বেশি বিধ্বংসী হয়ে উঠবে। এখান থেকে অনায়াসেই ১৬০ কিলোমিটার পাল্লার ‘অস্ত্র’ মিসাইল কিংবা বিশ্বখ্যাত ‘ব্রাহ্মোস’ মিসাইল ছোঁড়া যাবে। বর্তমানে ভারত ১ লক্ষের বেশি প্রতিরক্ষা সরঞ্জাম দেশেই তৈরি করছে, যা চিন ও আমেরিকার পর ভারতকে বিশ্বের তৃতীয় স্থানে নিয়ে এসেছে। সবচেয়ে ইতিবাচক দিক হলো এর অর্থনৈতিক প্রভাব। প্রায় ২৬০টি সুখোই বিমানকে নতুন করে সাজাতে যে বিপুল অর্থ খরচ হবে, তার সিংহভাগই বিদেশি কোম্পানিগুলোর বদলে টাটা অ্যাডভান্স সিস্টেম কিংবা বিইএল (BEL) এর মতো দেশীয় সংস্থাগুলোর কাছে যাবে। এতে যেমন দেশের টাকা দেশেই থাকবে, তেমনি কয়েক হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে। এতদিন খুচরো যন্ত্রাংশের জন্য রাশিয়ার দিকে তাকিয়ে থাকতে হতো বায়ুসেনাকে, কিন্তু আগামী ৫-৬ বছরের মধ্যে সেই নির্ভরতা ইতিহাস হয়ে যাবে। ঘরের প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধবিমানগুলো আকাশপথে ভারতকে এক অপরাজেয় শক্তিতে পরিণত করবে।






