দেশের অর্থনীতির প্রসঙ্গে একের পর এক বড় আপডেট সামনে আসছে। সেই রেশ বজায় রেখেই এবার সামনে এল আরও একটি বড় খবর। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই। জানা গিয়েছে যে, এবার দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৭০.৮৬ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।
যা এখনও পর্যন্ত সর্বকালের সর্বোচ্চ তথা “অল টাইম হাই” হিসেবে বিবেচিত হচ্ছে।
গত শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI-র প্রকাশিত তথ্যে এই পরিসংখ্যান সামনে এসেছে। গত ১২ জুলাই শেষ হওয়া সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৪ বিলিয়ন ডলার বেড়ে ৬৭০.৮৬ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছে। যেটি হল সর্বকালের সর্বোচ্চ পরিসংখ্যান। এর আগে গত ৫ জুলাই শেষ হওয়া সপ্তাহে, বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৯.৬৯ বিলিয়ন ডলার বেড়ে ৬৬৬.৮৫ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছিল।
রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, গত ১৯ জুলাই শেষ হওয়া সপ্তাহে, মুদ্রা ভাণ্ডারের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত ফরেন কারেন্সি অ্যাসেটস ২.৫৮ বিলিয়ন ডলার বেড়ে ৫৮৮.০৫ বিলিয়ন ডলার হয়েছে।






